চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই গ্র"পের দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নিয়েছে।
রোববার নগরীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের বর্তমান সভাপতি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন মহানগর কমিটি বাতিলের দাবি করেছে কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি'র অনুসারীরা।
সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানুকে 'বিতর্কিত' নেতা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে স্বৈরাচারী কায়দায় দল পরিচালনার অভিযোগ আনেন তারা।
এ সময় মহানগর আওয়ামী লীগের ব্যানারে কেন্দ্র ঘোষিত সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহানগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি।
মহিউদ্দিন ও নুরুল ইসলাম বিএসসি'র বিরোধ দীর্ঘদিনের। তবে এভাবে সরাসরি কেউ এর আগে অভিযোগ করেনি।
লিখিত বক্তব্যে বর্তমানে দলের মহানগর কমিটিতে 'অনিয়ম ও অসাংগঠনিক' কর্মকাণ্ড চলছে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের আস্থাশীল একটি নতুন কার্যকর কমিটি গঠন করতে কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বান জানানো হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকের একগুঁয়েমির কারণে থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বলেও সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি নইমউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, তারেক সোলায়মান সেলিম, জাফর আলম চৌধুরী, রেখা আলম চৌধুরী, রেহেনা কবীর রানু, গিয়াস উদ্দিন, আঞ্জুমান আরা বেগম, ফেরদৌস বেগম মুন্নী থানা প্রমুখ।
এসব অভিযোগ অস্বীকার করে কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছি। পরিবর্তন করতে হলে কেন্দ্রীয় কমিটিই জানাবে।"
মহানগরে দলের শক্তিশালী অবস্থানেক দুর্বল করতে একটি পক্ষ অপপ্রচারে লিপ্ত হয়ে এসব কাজ করছে বলে তিনি দাবি করেন।
আলাদা সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠান প্রসঙ্গে দানু বলেন, ন্যূনতম সাংগঠনিক জ্ঞান থাকলে তারা মূল কমিটিকে বাদ দিয়ে এ কর্মসূচি পালন করত না।
২০০৬ সালের ২৬ জুন সম্মেলনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনকে নির্বাচিত করে তাদের কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তারা বেশ কয়েকটি সম্পাদকীয় পদসহ ২০ জনকে মনোনীত করলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
গত বছরের ২৬ জুন কমিটির মেয়াদ শেষ হয়।
দলের কথিত আদর্শবিরোধী অবস্থানের কারণে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, থানা ও ওয়ার্ড কমিটির কেউ সভাপতির সঙ্গে দ্বিমত করলেই 'তুই বাদ' বলে তাকে সংগঠন থেকে বাদ দিয়ে অন্য কাউকে সে পদে বসিয়ে দেন।
তিনি বর্তমান মহানগর কমিটি বাতিলেরও দাবি জানান কেন্দ্রীয় কমিটির কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩২৯ ঘ.
bdnews24