২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরল উপজেলা চেয়ারম্যানের মুক্তি দাবি

প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেনের মুক্তি দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 02:36 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

দিনাজপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেনের মুক্তি দাবি করা হয়েছে। বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ রোববার বিকাল ৫টার দিকে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। মোকাররমকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও পরিষদ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান- পরিষদের আহবায়ক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ। এতে দাবি করা হয়, পরিষদের নেতারা আজ (রোববার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ইউএনও'র সঙ্গে মতবিনিময় করেছেন। ইউএনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরে মোকাররমের সম্পৃক্ততার কথা একবারও বলেননি এবং তিনি মামলাও করেননি। মামলাটি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। পরিষদের আহ্বায়ক বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ এবং দোষীদের শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতাসহ ১২ জন উপজেলা চেয়ারম্যান। ইউএনও এ কে এম আজাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিষদ নেতৃবৃন্দ আমাকে দুটি প্রশ্ন করেছিলেন। কিন্তু পুরোপুরি উত্তর দেওয়ার আগেই তারা আমাকে থামিয়ে দেন।" এদিকে বিরল থানার ওসি আকমল হোসেন জানান, রোববার রাত সোয়া সাতটার দিকে একই অভিযোগে থানায় একটি মামলা করেছেন ইউএনও। তবে একই অভিযোগে দুটি মামলার বিধান না থাকায় ওই মামলারটির সঙ্গে তার অভিযোগটিও একীভূত করা হয়েছে বলে তিনি জানান। গাড়ির জন্য আবেদন করা নিয়ে গত ২৯ এপ্রিল উপজেলা চেয়ারম্যান মোকাররম ইউএনওকে লাঞ্ছিত এবং তার কক্ষে ভাংচুর করেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন বলে ইউএনও অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মোকাররম। ওইদিন রাতে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সরকার বাদি হয়ে মোকাররমের বিরুদ্ধে একটি মামলা করেন। পরদিন ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.