২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন সংশোধনে ক্ষমতা হারাবে দুদক: টিআইবি

দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন হলে কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 08:06 AM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন হলে কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিবিরোধী বার্লিনভিত্তিক এ আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার দুদক আইনের সংশোধনী পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, "মন্ত্রিসভায় অনুমোদিত দুদক আইনের সংশোধনীগুলো সরকারি দলের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। "ওইসব প্রস্তাব কার্যকর হলে দুদক স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারাবে। দেশে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে এটি অন্তরায় সৃষ্টি করবে।" গত ২৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এতে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে অভিযোগকারীর পাঁচ বছরের জেল ও আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে। সংশোধনী অনুযায়ী দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের জন্য দুদক চাইলে সরকার বা সরকারের অধীন কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে জনবল চাইতে পারবে। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতির বাধ্যবাধকতাও রয়েছে এতে। দুদক আইন-২০০৪ এর সংশোধনীগুলো পুনর্বিবেচনার দাবি ব্যাখ্যা করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, "দুদককে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ রাখার বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকার তথা দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত হবে।" তিনি দুদককে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা আইন পরিষদের কাছে দায়বদ্ধ রাখার দাবি জানান। একই সঙ্গে সচিব নিয়োগের বিরোধিতা করেন। ইফতেখারুজ্জামান বলেন, "এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে।" সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতির বাধ্যবাধকতার সংশোধনী প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, "সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দুদকের কর্মপরিধির বাইরে নিয়ে যাওয়া হলে প্রশাসন ও অন্য সব সরকারি খাতে লাগামহীন দুর্নীতি হবে। সংবিধানের মতে এক দেশে দুই আইন মৌলিক মূল্যবোধের পরিপন্থী।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের ১৫ মাসে বড় ধরনের দুর্নীতির খবর পাইনি। তবে স্থানীয় পর্যায়ে টেন্ডারবাজি ও দখলবাজির দুর্নীতির খবর শোনা যায়। টিআইবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ দুদক আইনের সংশোধনীতে উদ্বেগ প্রকাশ করে বলেন, "সরকারের নিয়ন্ত্রণে আনার মাধ্যমে দুদক দুর্বল হয়ে পড়বে।" সংবাদ সম্মেলনে টিআইবি দুদককে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে কমিশনকে সাংগঠনিক কাঠামো নির্ধারণ, জনবল নিয়োগ ও বাজেট প্রণয়ন ও ব্যয়ের ক্ষমতা প্রদান, পৃথক অভ্যন্তরীণ অডিট ইউনিট গঠন ও সরকারের হস্তক্ষেপ প্রতিরোধে দুদক আইনের ৩৬ অনুচ্ছেদ বাতিলের দাবি জানায়। এছাড়া দুদকের আইনি ক্ষমতা বৃদ্ধি করে আর্থিক অপরাধ, বিদেশি কোম্পানি ও বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পর্র্কিত অপরাধ অন্তর্ভুক্ত, দুদকের কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির দায় ও এর হালনাগাদ বিবরণী ওয়েবসাইটসহ জনসমক্ষে প্রকাশ, কর্মচারীদের জন্য একটি নৈতিক আচরণবিধি ও পরিচালনা ম্যানুয়েল প্রবর্তন এবং নিরপেক্ষ স্বনামধন্য নাগরিকদের সমন্বয়ে একটি উপদেষ্টামণ্ডলী গঠন করার দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এমএসবি/এমআই/১৮৩৭ ঘ.