২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সংঘর্ষে চা শ্রমিক নিহত

জেলার কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগানে শনিবার দুপুরে চা শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 04:52 PM

Updated : 24 Aug 2022, 09:02 PM

মৌলভীবাজার, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগানে শনিবার দুপুরে চা শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত মিলন বিন (৩৫) ওই চা বাগানের শংকর বিনের ছেলে এবং নিয়মিত শ্রমিক। আহত শংকর বিন (৬৫), তার স্ত্রী মিরা বিন (৫৫), তাদের ছোট ছেলে রাম বিন (১৭) ও শংকরের ভাই মনোরঞ্জন বিন (৫৮) এবং মতিলাল পাশিকে (১৯) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শ্রী গোবিন্দপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে বাগানের দিনমজুর শিবলাল গৌড় ও মতিলাল পাশি বাগানের গাছ চিরাই করার জন্য মিলে নেওয়ার পথে শ্রমিক শংকর বিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে বেলা ১২টার শংকরের পরিবার ও চা শ্রমিকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিলন বিনের মৃত্যু হয়। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিলনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.