২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, ভাংচুর-অবরোধ

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় স্থানীয়দের অবরোধের কারণে শনিবার এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 10:39 AM

Updated : 24 Aug 2022, 09:02 PM

গাজীপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় স্থানীয়দের অবরোধের কারণে শনিবার এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। বাসচাপায় এক শ্রমিকের মৃত্যুর পর জনতা সড়ক অবরোধ করে। তারা অন্তত পাঁচটি গাড়িও ভাংচুর করে বলে পুলিশ জানায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দুপুর সোয়া ১২টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান। নিহতের নাম সফিকুল ইসলাম (২৫)। তিনি ইপি টেক্স নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলায় বলে স্থানীয়রা জানায়। পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইকেলআরোহী সফিক সকাল ১১টার দিকে বাঘেরবাজার এলাকায় প্রভাতি বনশ্রী পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তায় নেমে আসে এবং সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তারা বাঘের বাজারে একটি গতিরোধক স্থাপনের দাবি জানায়। দাবি পূরণে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় বলে এসআই মোস্তাফিজ জানান। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের বড় বাড়ি এলাকায় বাসের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে অন্য এক ব্যক্তি নিহত হন বলে পুলিশ জানায়। নুরুলের বাড়ি নোয়াখালীর চাটখিলে। আজমেরী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পুলিশ জানায়, নুরুল রাস্তা পা হওয়ার সময় বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.