২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি দেওয়ার পরিবর্তে চলছে ছাঁটাই: শ্রমিক দল

বিরোধী দল সমর্থক শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল অভিযোগ করেছে, সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন শ্রমিক ছাঁটাই করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 06:48 AM

Updated : 24 Aug 2022, 09:03 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল সমর্থক শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল অভিযোগ করেছে, সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন শ্রমিক ছাঁটাই করছে। মে দিবস উপলক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান নির্যাতন ও ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। সকালে নয়া পল্টন থেকে মে দিবসের শোভাযাত্রা বের করে শ্রমিক দল। লাল পতাকা হাতে কয়েক হাজার শ্রমিকের সে শোভযাত্রা বিজয় নগর হয়ে মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে এক সমাবেশে নজরুল বলেন, "সরকার নির্বাচনের আগে প্রতি ঘরে একজন করে মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো। এখন ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্র"তির কথা ভুলে গেছে। বরং উল্টো ছাঁটাই চলছে।" তবে কী পরিমাণ শ্রমিক ছাঁটাই হয়েছে এবং তারা কোন শিল্পের, তা স্পষ্ট করেননি তিনি। শ্রমিক দল সভাপতি বলেন, দেশে বিনিয়োগ নেই। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। লাখ লাখ শ্রমিক বেকার হচ্ছে। বিদেশ থেকেও আমাদের শ্রমিকরা চাকরি হারিয়ে দেশে ফিরে আসছে। এ অবস্থা থেকে উত্তরণে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে চট্টগ্রামের শ্রমিক নেতা এমএ গফুরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সমাবেশ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, নিরাপদ কর্মক্ষেত্র, বন্ধ কলকারখানা চালুর দাবি জানানো হয়। শোভাযাত্রায় অংশ নেন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম খান নাসিম, ফয়েজ মিয়া, মো. মহিউদ্দিন, আবদুস সোবহান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩০ ঘ.