ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁঠালবাগানে সন্ত্রাসীদের গুলিতে এক গার্মেন্ট ঝুট ব্যবসায়ী নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে রোকনউদ্দিন বাবু (৪৫) নামের ওই ব্যবসায়ী অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
কলাবাগান থানার ওসি শাহীন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে ঝুট ব্যবসায়ী রোকনউদ্দিন কাঁঠালবাগান এলাকায় হামিদের সিডির দোকানের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
হাত-বুক-পায়ে গুলিবিদ্ধ রোকনকে স্থানীয়রা শমরিতা হাসপাতালে নেয়। সেখান থেকে দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
গার্মেন্টে বিভিন্ন ধরনের পোশাক তৈরির পর অবশেষ হিসেবে থেকে যাওয়া অতিরিক্ত কাপড়কে বলা হয় ঝুট। রোকন সেই কাপড় বেচাকেনার ব্যবসা করতেন।
নিহতের ছেলে সজিব জানান, রোকনউদ্দিন ৬৯/আই গ্রীনরোড এলাকার বাসিন্দা।
হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে ওসি বলেন, "এ ব্যাপারে তদন্ত চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৫৪ ঘ.
bdnews24