শেরপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আধাপাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছে কৃষকরা।
উজান থেকে নামা ঢলে পুরাতন ব্রহ্মপুত্রের পানি বেড়ে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
স্থানীয় কৃষকরা বলছে, তিনটি ইউনিয়নের নয়টি গ্রামের কয়েক হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামগুলো হলো- চর মোচারিয়া ইউনিয়নের টান কাছার, ডাকাতের গোপ ও মুন্সিরচর, চরপক্ষীমারী ইউনিয়নের বাঘলদী, টাকিমারী, দিকপাড়া এবং কামারের চর ইউনিয়নের- ছয় নম্বর চর ও গোয়াল পাড়া।
গত তিনদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র ও দশআনী নদীর পানি বাড়ছে। পানি বাড়া অব্যাহত থাকলে আরো কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
টানকাছার এলাকার ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে জমি তলিয়ে যাওয়ায় এবং পানি আরো বাড়ার আশঙ্কায় আধাপাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছে কৃষকরা।
একই এলাকার আনোয়ার হোসেন বলেন, তার দুই একর জমির ধান, এক একর জমির পাট ও মিষ্টি আলু ডুবে গেছে। সামনের দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে কী করবেন ভাবতে পারছেন না তিনি।
এলাকার আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান বলেন, গত ২৬ বছরের মধ্যে এ মৌসুমে এমন পানি আর হয়নি।
দুই একদিনের মধ্যে পানি সরে না গেলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানান চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান।
তিনি বলেন, পানিতে টান কাছার এলাকার প্রায় ৭০/৮০ একর জমির ফসল তলিয়ে গেছে।
জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রহ্মপুত্রতীরের ধান, পাট, বাদাম ও মিষ্টি আলুসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে।
কৃষকরা এ সব জমি থেকে ফসল উদ্ধারের চেষ্টা করছেন। ফসলডুবির আশঙ্কায় তারা আশপাশের এলাকার জমি থেকেও আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক জানান, ক্ষয়-ক্ষতি নিরূপণে কৃষি সম্প্রসারণ বিভাগ ও ত্রাণ শাখা কাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
উজান থেকে নামা ঢলে এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর এলাকায় ফসলরক্ষা বাঁধা ভেঙে প্রায় দুই লাখ হেক্টর জমির বোরো তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24