২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফির শাস্তি দাবি জাবির সাবেক শিক্ষার্থীদের

শিক্ষক আব্দুল্লাহেল কাফির বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 07:34 AM

Updated : 24 Aug 2022, 09:01 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক আব্দুল্লাহেল কাফির বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে প্রায় একশ ব্যক্তি অংশ নেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জোবায়দা নাসরিণ কনা। মানববন্ধনে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের পুনর্তদন্ত এবং ওই সময় আন্দোলনরত ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি কাফির বিরুদ্ধে এ মাসের শুরুতে যৌন হয়রানির অভিযোগ আনেন তার বিভাগেরই এক নারী শিক্ষক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের জন্য অভিযোগটি হাইকোর্টের নির্দেশনায় গঠিত অভিযোগ সেলে পাঠিয়েছে। তবে অভিযোগকারী শিক্ষকসহ তার সহকর্মী অনেকে সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কাফি বিভাগীয় সভাপতি ছাড়াও একটি হলের প্রভোস্ট, প্রভোস্ট কমিটির চেয়ারম্যান এবং সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে ছুটিতে পাঠানো হয়েছে। নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি থাকার সময় ২০০৮ সালে ছানোয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে বেশ কয়েকটি তদন্ত কমিটি হয়। সর্বশেষ তদন্ত কমিটি ছানোয়ারকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। সাবেক শিক্ষার্থীরা কাফির বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষকের নিরাপত্তা দাবি করেছেন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবার মতামত নিয়ে একটি যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে অভিযোগ সেল গঠনের দাবি জানিয়েছে। মানববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সৈকত শুভ্র আইচ মনন, সাবেক সহসভাপতি শামসুল আলম সজ্জন, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব রিয়াদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা শশাঙ্ক বরণ রায়, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ফারুক ওয়াসিফ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩১৩ ঘ.