পাবনা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরে ছাত্রলীগ-যুবলীগ ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। (বিস্তারিত)
রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ জানান, দু'টি দল পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে শহরের দোয়েল সেন্টারে ও দই বাজার মোড়ে জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখা এক কর্মীসভা আহ্বান করে। এতে জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের উপস্থিত থাকার কথা।
ওই কর্মীসভা প্রতিহত করার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শুক্রবার একইস্থানে ছাত্রলীগ-যুবলীগ বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দেয় বলে জানান তিনি।
জামায়াতের কর্মসূচি প্রতিহত করা বিষয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল বলেন, "আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে তাদের পাবনার মাটিতে সমাবেশ করতে দেওয়া হবে না।"
"জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান ইতোমধ্যে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন," দাবি করেন রেজাউল।
জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভূষণ পালের বরাত দিয়ে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শহরে ১৪৪ ধানা জারির মাইকিং করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৩ ঘ.
bdnews24