হবিগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেম্পুর ভাড়া নিয়ে দুই ব্যক্তির তর্কাতর্কির জের ধরে হবিগঞ্জের ১০টি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন।
আহত হয়েছে শতাধিক।
মাধবপুর উপজেলায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাইমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে অলিপুর গ্রামের নান্নু মিয়ার সঙ্গে টেম্পু ভাড়া নিয়ে পাশের ব্রাক্ষণডোরা গ্রামের এক যাত্রীর কথা কাটাকাটি ও মারামারি হয়। এরপর তা ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।
ব্রাক্ষণডোরা গ্রামের পক্ষ নিয়ে বিশাউড়া, পুরাইকলা, নোয়াগাও, সইলজুড়া ও কেশবপুরের বাসিন্দারা এবং অলিপুরের পক্ষ নিয়ে সুরাবই, নুরপুর ও পুরাসুন্দা গ্রামের কয়েক হাজার মানুষ দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষে লিপ্ত হয় বলে পুলিশ জানায়।
পুলিশ কর্মকর্তা নাইমুল সাংবাদিকদের বলেন, "জনতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উভয়পক্ষ টেটা, ফিকল, বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে।"
সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউনুছ আলী (৫৫)। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান ও সহকারী পুলিশ সুপার নাইমুল হাসান দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষের কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সকাল সাড়ে ১১টার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24