ভোলা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার তজুমদ্দিন উপজেলায় এক বিএনপি নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার রাতে তজুমদ্দিন থানায় মামলাটি করেন উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির ওই নেত্রী।
মামলার অভিযোগে তিনি বলেন, সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে অপহরণের পর ধর্ষণ করে। পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
তার দাবি ধর্ষকরা স্থানীয় যুবলীগের নেতাকর্মী।
মামলায় আসামি করা হয়- রাকিব, সোহেল, নজু, আব্বাস ও আল আমিনকে।
বুধবার বিকাল ৩টায় জেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হকের সঙ্গে অভিযোগকারী সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) আব্দুস সালামের কাছে যান।
পুলিশ কর্মকর্তার কাছে তিনি নির্যাতনের বিবরণ দেন। এরপর তাকে পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে নেওয়া হয়।
ভোলার পুলিশ সুপারিনটেনডেন্ট বশির আহম্মেদ রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই মহিলার কথা শোনার পর তজুমদ্দিনের ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছি।"
ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
তজুমদ্দিন থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান, রাত সাড়ে ৮টার দিকে ধর্ষণ মামলাটি নেওয়া হয়েছে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মহিবুল্লাহ নাগর জানান, সোমবার রাতে অপহরণের পর তাকে নির্যাতন করে দুর্বৃত্তরা। পরদিন সকালে স্থানীয়রা উদ্ধার করে। দুপুরে চিকিৎসার জন্য তাকে জেলা শহরের একটি ক্লিনিকে পাঠানো হয়।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার তজুমদ্দিন, লালমোহন ও জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সভায় এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।
সকাল ১০টায় বিক্ষোভের পর বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদের বাসভবনের সামনে প্রতিবাদ সভা হয়।
সভায় হাফিজ অভিযোগ করেন, এ সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমোহন ও তজুমদ্দিনে কোনো অন্যায় অত্যাচার সহ্য করা হবে না। সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৪৪ ঘ.
bdnews24