২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা: বাঁধ মেরামতে দেরিতে পাউবোকে দায়ী করলেন রাজ্জাক

আইলা আঘাত হানার পর ১১ মাসেও দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামত না হওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দায়ী করেছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 04:41 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলা আঘাত হানার পর ১১ মাসেও দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামত না হওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দায়ী করেছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এক সেমিনার শেষে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, "বাঁধ মেরামতের দায়িত্ব ছিলো পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু তারা নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে দেরি করে ফেলেছে।" এখন শেষ মুহূর্তে এসে একবার বাঁধ দেওয়া হচ্ছে আবার তা পানির তোড়ে ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। গত বছরের ২৫ মে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা ঘূর্ণিঝড় আইলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার থেকে পূর্ণিমা শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "পূর্ণিমার সময় জোয়ারের পানির তোড় ও উচ্চতা বেড়ে যায়। এ কারণে এখন বাঁধ দেওয়া সম্ভব হচ্ছে না। "আমরা মনে করছি পূর্ণিমা শেষ হওয়ার পর আরেকটা সুযোগ আছে। এরপর ১২/১৪ দিন সময় পাবো। তখন চূড়ান্তভাবে বলা যাবে বাঁধগুলো মেরামত করা সম্ভব হবে কি না।" ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্স এবং সেভ দ্য চিলড্রেন ইউকে 'রিজিওনাল ডিফিরেনন্স ইন পভার্টি লেবেলস এন্ড ট্রেন্ডস ইন বাংলাদেশ: আর উই আস্কিং দ্যা রাইট কোয়েশ্চন?' শীর্ষক এ সেমিনার আয়োজন করে। মন্ত্রী বলেন, "আইলাদুর্গত এলাকায় মানুষের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা হলো ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ না করতে পারা। এ কারণে তারা ঘরে ফিরতে পারছে না।" দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর কয়েকটি ইউনিয়নে বাঁধ আদৌ মেরামত করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন মন্ত্রী। সব বাধ মেরামত না হলেও ৭০/৭৫ ভাগ মেরামত করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। দুর্গত মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়ার পর কৃষি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে তাদের অর্থনীতি চাঙ্গা করা হবে বলে জানান আব্দুর রাজ্জাক। এজন্য কৃষি মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানান তিনি। তিনি জানান, তাদের ঘর নির্মাণের জন্য টিন ও টাকা দেওয়া হবে। এ জন্য নামের তালিকা তৈরি করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকোনোমিক রিসার্চ গ্র"পের (ইআরজি) পরিচালক সাজ্জাদ জহির। অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২৩৯ ঘ.