ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে বুধবার এক ব্যক্তিকে গুলি করে বিপুল পরিমাণ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
দুপুরে গাজি আসিফ আলি নামে এক শেয়ার ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার বড় ভাই কাজী লিয়াকত আলী।
মোহাম্মদপুর থানার ওসি ভুইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইয়ের খবর পাওয়ার পর সন্ত্রাসীদের গ্রেপ্তারে সর্বশক্তি নিয়োগ করেছে পুলিশ।"
দুপুর দেড়টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম দিকের গেটের কাছে এই ছিনতায়ের ঘটনা ঘটে।
আসিফ আলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজী লিয়াকত জানান, প্রাইম ব্যাঙ্কের আসাদ গেট শাখা থেকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা তুলে রিক্সায় করে তাজমহল রোডের বাসায় ফিরছিলেন আসিফ আলী। রেসিডেনসিয়াল মডেল কলেজের পশ্চিম দিকে গেটের কাছে দু'টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে টাকাভর্তি ব্যাগটি নিয়ে চলে যায়।
ওসি ভুইয়া মাহবুব হাসান জানান, তার থানা এলাকার প্রতিটি ব্যাংকে বড় অঙ্কের টাকা তোলার পর পুলিশের সহায্য নিতে অনুরোধ জানিয়ে পোস্টার লাগানো হয়েছে। তবেআসিফ আলির পক্ষ থেকে এব্যাপারে কোন আবেদন তারা পাননি।
সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯১৫ ঘ.
bdnews24