ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের মানুষদের আগামী আট থেকে নয় মাস খাদ্য সহায়তা দেবে সরকার।
দুস্থ খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক জানিয়েছেন।
বুধবার হোটেল সোনারগাঁওয়ে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) কার্যক্রম সম্পর্কিত কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শুধু সুনামগঞ্জে কমপক্ষে ১ লাখ ৪৮ হাজার হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের দাবি, ১৫টির মত হাওর তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ হাজার হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনার হাওড়বাসীও।
দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "হাওর অঞ্চলে অকাল বন্যার পানিতে অনেক ফসলহানি ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষদের সরকার আগামী আট থেকে নয় মাস ভিজিএফ'র মাধ্যমে খাদ্য সহায়তা দেবে।"
দুর্যোগ কবলিত অন্য এলাকার মানুষদের খাদ্য সরবরাহেও সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন, অস্ট্রেলীয় হাইকমিশনার জাস্টিন লি, ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার, সুইডিশ দূতাবাসের প্রথম সচিব মি. উইলার্ট ও সিডিএমপি'র প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নিক রাসেল প্রমুখও বক্তব্যে রাখেন।
অনুষ্ঠানে সিডিএমপি'র দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল ওয়াজেদ।
তিনি জানান, ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। তবে বর্তমানে আরো একটি দাতা সংস্থার অন্তর্ভুক্তির কারণে এর পরিমাণ বেড়ে ৫২ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ইউএনডিপি ও ডিএফআইডি ছাড়াও এবার এ কর্মসূচি বাস্তবায়নে ইউকেএইড, অস্ট্রেীলয়া এইড এবং সিডা আর্থিক সহায়তা দিচ্ছে।
খাদ্যমন্ত্রী তার বক্তব্যে দেশের দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতিতে সিডিএমপি'র কার্যক্রমের প্রশংসা এবং দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের সাফল্য কামনা করেন।
আইলা দুর্গতদের জন্য সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, আইলা এলাকার অনেক মানুষ এখনো ঘরে ফিরতে পারেনি। সময়মতো বাঁধ সংস্কার শেষ করতে না পারায় তাদের ফেরানো সম্ভব হয়নি।
বর্তমানে বাঁধ ও রাস্তাঘাট সংস্কার এবং আশ্রয় কেন্দ্র নির্মাণসহ বিভিন্ন কাজ চলছে। আগামী বর্ষা মৌসুমের আগেই তাদের ঘরে ফেরানো সম্ভব হবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত করা যাবে।
দুর্যোগ ব্যবস্থাপনায় আগামী বাজেট জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ, ভিজিএফ কর্মসূচির জন্য পাঁচ লাখ টন এবং খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য ছয় লাখ টন চাল রাখার প্রস্তাব করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৩৪০ ঘ.
bdnews24