২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪৪ জলদস্যু গ্রেপ্তার

চিনি বোঝাই একটি জাহাজে ডাকাতির সময় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ৪৪ জলদস্যুকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 04:59 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনি বোঝাই একটি জাহাজে ডাকাতির সময় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ৪৪ জলদস্যুকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। মঙ্গলবার বিকাল ৪টার দিকে পতেঙ্গা লাইট হাউস থেকে ১২ মাইল দূরে সন্দ্বীপের কাছাকাছি চর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হাসনাত শামীম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরে আটকে যাওয়া এমভি শ্যামল প্রিন্স নামের একটি লাইটারেজ জাহাজে তারা ডাকাতি করছিলো। চট্টগ্রাম বন্দরের রেডিও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এমভি প্রিসিডন নামের একটি লাইটারেজ জাহাজে ডাকাতির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান। পাঁচ হাজার তিনশ মেট্রিক টন অপরিশোধিত চিনি নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে এমভি শ্যামল প্রিন্স বৃহস্পতিবার ঝড়ো হাওয়ার কবলে পড়ে সন্দ্বীপ চ্যানেলের অদূরে চরে আটকে যায়। জাহাজ থেকে চিনি খালাস করে সেটা উদ্ধারের জন্য সেখানে যায় এন্টি ডায়ানামিক ও প্রিসিডন। লে. কমান্ডার হাসনাত আরও জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেযে জলদস্যুরা অস্ত্র সমুদ্রে ফেলে দেয় এবং জিম্মি করে রাখা জাহাজের মাঝিমাল্লাদের ছেড়ে দেয়। তিনি জানান, আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এরা সবাই সাগরে দস্যুতার সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২৫৩ ঘ.