ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ১৬ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ভুটানের উদ্দেশে রওনা হচ্ছেন।
সকাল পৌনে সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের দ্রুক এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটযোগে রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।
আগামী ২৮-২৯ এপ্রিল থিম্পুতে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য 'জলবায়ু পরিবর্তন'।
ভুটানে তিনদিন অবস্থানকালে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ অন্যান্য সার্ক দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
এছাড়া তিনি ২৮ এপ্রিল থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম প্রমুখ।
সম্মেলন শেষে ৩০ এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৩৯ ঘ.
bdnews24