২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুতের দ্বিতীয় প্রধান মোরশেদুল আবার রিমান্ডে

নিষিদ্ধ হিযবুত তাহরীর বাংলাদেশের দ্বিতীয় প্রধান কাজী মোরশেদুল হককে জিজ্ঞাসাবাদে আরো দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 01:38 PM

Updated : 24 Aug 2022, 08:52 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিযবুত তাহরীর বাংলাদেশের দ্বিতীয় প্রধান কাজী মোরশেদুল হককে জিজ্ঞাসাবাদে আরো দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা থানার দুইটি মামলায় তার পুলিশ হেফাজত মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম সৈয়দা মিনহাজুম মুনীরা। তিনদিনের হেফাজত শেষে মোরশেদুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ওই দুই মামলায় সাতদিন করে ১৪ দিন হেফাজত চান উত্তরা থানার দুই উপপরিদর্শক আরমান আলী ও শফিকুল ইসলাম। হাকিম সৈয়দা মিনহাজুম একদিন করে দুইদিনের হেফাজত মঞ্জুর করেন। এসময় হেফাজত আবেদন বাতিল করে তার পক্ষে জামিন চাওয়া হলে তা নাকচ করেন বিচারক। গত ২২ এপ্রিল ওই দুই মামলায় জিজ্ঞাসাবাদে তাকে তিনদিনের হেফাজতে পায় পুলিশ। সোমবার হেফাজত আবেদনে তদন্ত কর্মকর্তারা বলেন, মোরশেদুল প্রধান সমন্বয়ক মহীউদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের যৌথ নির্দেশনায় হিযবুত তাহরীর রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালিয়ে আসছিলো। তারা দুইজন মিলে বড় ধরনের নাশকতামূলক কাজের পরিকল্পনা করছিলেন। এসব বিষয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা জরুরি। মোরশেদুলকে মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে গত ২১ এপ্রিল গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৩৩ ঘ.