২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে পাঁচ বছরের জেল

কারো বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও আর্থিক জরিমানার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 09:32 AM

Updated : 24 Aug 2022, 08:52 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারো বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও আর্থিক জরিমানার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। (বিস্তারিত) সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪-এর সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে কিছু বিষয়ে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।" সংশোধনী অনুযায়ী দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) চাইলে সরকার বা সরকারের অধীন যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে জনবল চাইতে পারবে বলেও জানান আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকার দুদককে স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্র"তিবদ্ধ।" প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, বৈঠকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন- ২০১০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও দি ইয়ুথ এমপ্লয়মেন্ট নেটওয়ার্কে এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাব এবং সার্ক কনভেনশন অন কো-অপারেশন অন এনভায়রনমেন্ট এ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বিদ্যুত খাতের সার্বিক বিষয় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "বিদ্যুত খাতে সরকারের নেওয়া স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আবারো দেশবাসীর প্রতি বিদ্যুত ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।" আবুল কালাম জানান, ইতিমধ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে আরো ৪০০ মেগাওয়াট যোগ হবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/এজে/১৬২৪ ঘ.