পাবনা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে পাবনার সুজানগর ও চাটমোহরে পাঁচশ'য়েরও বেশি মানুষ নির্যাতনের শিকার হয়েছে।
এর মধ্যে রয়েছে দুইটি খুন, দুইটি ধর্ষণ, শতাধিক বাড়িঘর দখল ও ভাংচুরের ঘটনা। নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে কবরস্থানে লাশ দাফন করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনায় ওই সময় সংশ্লিষ্ট থানায় মামলা হলেও সবগুলোতে পুলিশ চূড়ান্ত রিপোর্ট দেয়।
এসব ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এ তথ্য জানান।
শনিবার সারাদিন ওইসব এলাকা পরিদর্শন শেষে রাতে পাবনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে পাবনার সুজানগর ও চাটমোহরে হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়। অনেক সংখ্যালঘু পরিবার এলাকা ছেড়ে চলে যায়।
সুজানগরে নির্বাচন পরবর্তী সময়ে দুইটি খুন, দুইটি ধর্ষণ, শতাধিক বাড়িঘর দখল ও ভাংচুরের ঘটনা ঘটে।
তদন্ত কমিটি অভিযোগ পেয়েছে, চাটমোহরের খিস্টানপাড়ায় ফৈলজানা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শাজাহান আলীর নেতৃত্বে হামলার অভিযোগে মামলা হলেও পরবর্তীতে সব মামলা খারিজ হয়ে যায়।
এসব ঘটনার পেছনে বিএনপির তৎকালীন সাংসদ একেএম সেলিম রেজা হাবিব ও তার সমর্থকরা জড়িত ছিলেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
মোহাম্মদ শাহাবুদ্দিন আরো জানান, সুজানগরে ৭০টি লিখিত এবং দুইশ' ব্যক্তির মৌখিক অভিযোগ পাওয়া গেছে। চাটমোহরে আড়াইশ' ব্যক্তি লিখিত ও মৌখিক অভিযোগ করেন।
কমিশন সব তথ্য ও অভিযোগ মামলা হিসেবে গ্রহণের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট থানা ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠাবে বলে তিনি জানান।
এ সময় কমিশনের সদস্য সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিচালক (জিআইজি) মীর শহিদুল ইসলাম ও সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মনোয়ার হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24