২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা: তদন্ত প্রতিবেদনের নতুন তারিখ

নির্ধারিত চতুর্থ তারিখেও অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 04:27 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত চতুর্থ তারিখেও অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি। ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন ৩০ মে। রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্ধারিত তারিখে সিআইডির পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হেলাল জানান, অধিকতর তদন্ত প্রতিবেদন জমায় এ নিয়ে চারটি ধার্য তারিখ পার হলো গত বছরের ২০ অক্টোবর হুমায়ুন আজাদের ভাই এ মামলার বাদি মঞ্জুর কবির মামলায় প্রকৃত আসামিদের অর্ন্তভুক্ত করা হয়নি দাবি করে এ আদালতে এ মামলায় অধিকতর তদন্তের আবেদন করেন। মামলায় নতুন তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর উল্টোদিকের ফুটপাথে বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই মঞ্জুর কবির অজ্ঞাতনামাদের আসামি করে রমনা থানায় মামলা করেন। ২০০৭ সালের ১৪ নভেম্বর জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, মিজানুর রহমান মিনহাজ, আনোয়ার আলম খোকাকে আসামি করে হত্যা প্রচেষ্টা ও বিষ্ফোরক দ্রব্যের পৃথক দুইটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে হত্যা চেষ্টা মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারের জন্য আসে। মঞ্জুর কবির এ আদালতে মামলাটিতে প্রকৃত আসামিদের আড়াল করে অভিযোগপত্র দেয়া হয়েছে দাবি করে মামলাটি অধিকতর তদন্তের আবেদন করেন। আবেদনে বলা হয়, 'পাকসার জমিন সাদ বাদ' উপন্যাস লেখার কারণে তার ওপর হামলা করা হয়। সাইদী, মুজাহিদ, নিজামীকে পরোক্ষভাবে ওই হামলার বিষয়ে হুমায়ুন আজাদ দায়ী করেন বলে আবেদনে উল্লেখ করে বলা হয়, যারা ওই হামলার নির্দেশদাতা তাদের আসামি করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১২৫ ঘ.