ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দীন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আরো চারদিন হেফাজতে পেয়েছে পুলিশ।
রোববার সন্ত্রাসবিরোধী আইনের একটি নতুন মামলাসহ পুরানো দুই মামলায় তাকে চারদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মহানগর হাকিম রোকসানা বেগম হেপী।
এসময় মহিউদ্দীনের পক্ষে হেফাজত আবেদন বাতিল করে জামিন চাওয়া হলে তা নাকচ করা হয়।
হেফাজতে নেওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক নওজেশ আহমেদ।
এর আগে পুরনো দুই মামলায় উত্তরা থানা তাকে তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে মহিউদ্দীনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন পুরনো দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা। তারা হলেন উত্তরা থানার উপ-পরিদর্শক আরমান আলী এবং উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।
তারা ওই দুই মামলায় মহিউদ্দীনকে সাতদিন হেফাজতে নেওয়ার আবেদন জানান। নতুন মামলায়ও তার সাতদিনের হেফাজত চান গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) নূরুল আমিন।
শুনানি শেষে মহানগর হাকিম রোকসানা বেগম হেপী নতুন মামলায় দুদিন দিন এবং পুরানো দুই মামলার প্রত্যেকটিতে একদিন করে হেফাজতের আদেশ দেন।
হেফাজতের আবেদনে বলা হয়, মহিউদ্দীন হিযবুত তাহরীরের প্রধান হিসাবে বড় ধরনের নাশকতামূলক কাজের পরিকল্পনায় জড়িত। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ দেশের বন্ধু রাষ্ট্রের কর্মকাণ্ড ও ইসলামের অপব্যাখ্যাকারী তিনি।
নতুন তথ্য হিসাবে আবেদনে উল্লেখ করা হয়, মহিউদ্দীন তাদের সংগঠনের যুক্তরাজ্য শাখার নেতা ড. নাসিম গনির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে আরো তথ্য পাওয়ার জন্য আবারো তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ২০ এপ্রিল ভোররাতে হিযবুত তাহরীরের সমন্বয়কারী মহিউদ্দীন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। গত বছর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতবছরের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ ঘোষণার পর বেশ কিছুদিন তৎপরতা দেখা না গেলেও স
bdnews24