চাঁদপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোলা-৩ আসনের নির্বাচন নিয়ে বিরোধীদলীয় নেত্রী অনেক কথা বলেছেন। ভোলার জনগণ তার উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি বলেন, "২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যত ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবার তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন আমাদের প্রার্থী।"
রোববার বিকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শনিবার ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিএনপির হাফিজউদ্দিনকে ৫০ হাজারের বেশি ভোট হারিয়েছেন। যদিও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিরোধীদল বিএনপি।
সাবেক সংসদ সদস্য হাফিজ ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. জসিমউদ্দিনের কাছে হেরেছিলেন ১৩ হাজার ভোটে। পরে জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল হলে শনিবার সেখানে উপনির্বাচন হয়।
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, "তিনি (খালেদা জিয়া) বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য বহুবার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। এখন আবার আন্দোলনের ডাক দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন।"
২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে উল্লেখ করে হাসিনা বলেন, ওই সময়ের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করা হবে। সে লক্ষ্যে তার সরকার উপজেলা ও প্রত্যন্ত এলাকায় ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, চাঁদপুরে প্রযুক্তি ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় স্থাপন, শিশু পার্ক নির্মাণ, চাঁদপুর-শরীয়তপুর নৌপথে উন্নতমানের ফেরি এবং ভাঙ্গন রোধে নদী খননের ব্যবস্থা করা হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতি মো. শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর, এম রফিকুল ইসলাম, সুবেদ আলী ভূঁইয়া প্রমুখ।
এর আগে বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী শহরের নতুনবাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের গ্রিড স্টেশন সংলগ্ন পাওয়ার হাউস বালুর মাঠে গ্যাসভিত্তিক ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের কাজের উদ্বোধন করেন।
এরপর জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সার্কিট হাউসে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.
bdnews24