কামরান রেজা চৌধুরী
কূটনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
থিম্পু, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ষোড়শ সম্মেলনের ঘোষণাসহ দুটি চুক্তির খসড়া তৈরিতে বৈঠকে বসেছে সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটি।
ভুটানের রাজধানী থিম্পুতে রোববার দুইদিনের এ বৈঠক শুরু হয়। সার্ক নেতাদের শীর্ষ বৈঠকে ২৮ ও ২৯ এপ্রিল চুক্তিগুলো স্বাক্ষর হবে।
চুক্তি দুটি পরিবেশ ও সার্ক অঞ্চলের বাণিজ্য সহযোগিতা সংক্রান্ত।
স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আছেন আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিবরা।
স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ বিষয়ে সার্ক প্রোগ্রামিং কমিটিতে করা খসড়াটির কিছু সংশোধন করা হবে। সদস্য রাষ্ট্রগুলোর প্রধান নির্বাহী এবং নির্বাহীদের নিয়ে গঠিত প্রোগ্রামিং কমিটি শনিবার বৈঠকে বসে।
আগামী মঙ্গলবার আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সার্কের ঘোষণা এবং খসড়া চুক্তিগুলোর আরো কিছু সংশোধন করবেন।
পররাষ্ট্রমন্ত্রীদের গৃহিত প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য ২৮ ও ২৯ এপ্রিল শীর্ষ নেতাদের বৈঠকে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিবি/জেবি/এমআই/১৬৪০ ঘ.
bdnews24