২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে ছাত্র ও বৃদ্ধ আটক

ধর্ষণের অভিযোগে ঝিনাইদহে শুক্রবার এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। একই অভিযোগে গোপালগঞ্জে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের অভিযোগে ঝিনাইদহে শুক্রবার এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। একই অভিযোগে গোপালগঞ্জে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে বিপ্লব কুমার নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বিপ্লব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র। শৈলকুপা উপজেলার সাধুহাটি গ্রামের বিশ্বনাথের ছেলে। এলাকাবাসী জানায়, সন্ধ্যায় ভাটবাড়িয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণ করে পালানোর সময় ধর্ষিতার চিৎকার শুনে এলাকাবাসী বিপ্লবকে ধরে পিটুনি দেয়। এরপর পুলিশে সোপর্দ করে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, মেয়েটি তার মায়ের সঙ্গে ভাটবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে থাকে। তার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, বিপ্লব ভাটবাড়িয়ায় মাসির বাড়িতে যাওয়া আসা করত। বিভিন্ন সময় সে তাকে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার সন্ধ্যার আগে সে মাঠে ছাগল আনতে গেলে বিপ্লব তাকে মুখ চেপে ধরে বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে। ঝিনাইদহ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হয়েছে। ওই বাড়ির গৃহকর্তা মিজানুর রহমান বাদী হয়ে শনিবার শৈলকুপা থানায় একটি মামলা করেছেন। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আধি বছরের এক বৃদ্ধ চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার পুলিশ ইদ্রিস মোল্লা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও ধর্ষিতার পারিবার জানায়, বিকাল ৩টার দিকে মেয়েটিকে দোকানে রেখে তার বাবা বাড়ি গেলে ইদ্রিস মোল্লা দোকানে ঢুকে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। গোপালগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাস শহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯২২ ঘ.