মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমোহনের একটি কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনাটি ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোলার উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে বিএনপি অভিযোগ করেছে, বাধার মুখে তাদের প্রার্থীর অনেক এজেন্ট কেন্দ্রে যেতে পারেনি।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। প্রিজাইডিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুপুরের মধ্যে প্রায় অর্ধেক ভোটার ভোট দিয়েছেন।
তবে বিভিন্ন কেন্দ্রে বিরোধী দলের প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের এজেন্টদের পাওয়া যায়নি। হাফিজের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থকরা তাদের বাধা দিয়েছে এবং এজেন্ট হওয়ার কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নিয়েছে।
তবে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন সে অভিযোগ নাকচ করে বলেছেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে।
নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন জানিপপের এক কর্মকর্তাও বলেন, তেমন অনিয়ম তাদের চোখে ধরা পড়েনি।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মিলিয়ে ভোলা-৩ নির্বাচনী এলাকায় শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ওই আসনের ভোট কেন্দ্র রয়েছে ৮৬টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৯২৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৪ হাজার ৮৮০ এবং নারী ১ লাখ ২০ হাজার ৪৬ জন।
ভোটের চিত্র
সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। এর মধ্যে নারীদের সংখ্যা ছিলো তুলনামূলক বেশি।
তবে দুপুরে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম যায়। ১২টার সময় তজুমদ্দিন উপজেলার গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০/ ১২ জন ভোটার দেখা যায়।
কম উপস্থিতির বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কেন্দ্রের ১৫৮১ জন ভোটারের মধ্যে ৮০০ এর বেশি ভোট দিয়েছেন।
"দুপুরে স্বাভাবিকভাবেই ভোটার উপস্থিতি কম থাকে। দুপুরের পর আবার বাড়বে", বলেন তিনি।
ওই কেন্দ্রে ভোট দেন অশীতিপর জালালউদ্দিন। তিনি বলেন, "ভোট সুষ্ঠুভাবে হচ্ছে।"
কোথাও কোনো ধরনের বাধা পাননি বলেও জানান তিনি।
লালমোহন মাধ্যমিক বালক বিদ্যালয় কেন্দ্রে বিজয় রানী দাশ (৩২) জানান, নিরাপত্তার অভাব তিনি বোধ করেননি।
একই কেন্দ্রে সুরাইয়া সোনিয়া (২২) নামে এক তরুণী বলেন, "গতকাল মারামারি হওয়ার পর একটি ভীতি কাজ করেছিলো। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সে শঙ্কা কেটে যায়।"
সকাল ৮টায় লালমোহন ইসলামিয়া কমিল মাদ্রাসা কেন্দ্রে নাজিমউদ্দিন টিপু (৩৮) বলেন, "কেন্দ্রে আসতে কেউ বাধা দেয়নি। মনে হচ্ছে, মানুষের মধ্যে উৎসাহেও কমতি নেই।"
বাচ্চা কোলে নিয়ে ভোট দিতে আসা ফাতেমা বেগম (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পথে কোনো সমস্যা হয়নি। ভালোই লাগছে।"
তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, দুপুর ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ১৪০০ ভোট গ্রহণ হয়েছে। ওই কেন্দ্রে মোট ভোটার ২৮৫৪ জন।
ফরাজগঞ্জের আজহার উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্ত্রের সকাল ১০টার মধ্যে আড়াই হাজারের মধ্যে ৫০০ ভোট গ্রহণ হয়।
লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার কেন্দ্রে দেড় হাজার ভোট গ্রহণ হয়েছে। সেখানে মোট ভোটার ৪৪০৭ জন।
সংঘর্ষ, হামলার অভিযোগ
সকাল পৌনে ৯টার দিকে ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয় সাংবাদিকদের সামনেই।
এতে বিএনপির পাঁচ জন সমর্থক দেলোয়ার হোসেন, মোসলেহউদ্দিন, লিটন, মতলব ও হালিম এবং আওয়ামী লীগ সমর্থক আব্বাস আহত হন। লাঠির আঘাতে দেলোয়ারের মাথা ফেটে যায়।
লালমোহন উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরের ওই কেন্দ্রের আশাপাশে পুলিশ কিংবা র্যাবের টহল দেখা যায়নি। তবে এ মারামারির প্রভাব কেন্দ্রে পড়েনি। সেখানে ভোট গ্রহণ যথারীতি চলে।
বিএনপি অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।
দলের যুগ্মমহাসচিব ও বিএনপি প্রার্থীর প্রচারের সমন্বয়কারী আমানউল্লাহ আমান দাবি করেছেন, তজুমদ্দিনে তার ওপরও হামলা হয়েছে।
দুপুরে লালমোহনে হাফিজের বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আড়ালিয়া কেন্দ্রে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কিরণের নেতৃত্বে আওয়ামী লীগ-যুবলীগের কর্মীরা ব্যালটে সিল মারতে দেখি।
"কী হচ্ছে জানতে চাইলে কিরণের নেতৃত্বে আমার ওপর হামলা হয়", বলেন আমান।
তিনি জানান, র্যাব ও পুলিশ তাকে উদ্ধার করে লালমোহনে পৌঁছে দেয়।
আমান বলেন, ১৩-১৪টি কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
তবে আমানের এ অভিযোগের বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিএনপির অভিযোগ
সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর হাফিজ সাংবাদিকদের বলেন, "এ পর্যন্ত চারটি কেন্দ্র থেকে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। এখন প্রহসনের নির্বাচন হচ্ছে, যা সামরিক সরকারের আমলে হতো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সকালে লালমোহনের মহেশখালী প্রাথমিক বিদ্যালয় এবং কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট দেখেননি। তবে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ছিলেন।
বিএনপি প্রার্থীর এজেন্ট নেই কেন- জানতে চাওয়া হলে কেন্দ্র দুটির প্রিজাইডিং কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
হাফিজের অভিযোগ, লালমোহনের বদরপুর, ফরাজশঞ্জ, কালমা, চরবোতা ইউনিয়নের কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়। সাতানিয়া ও কিশোরগঞ্জ কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি।
তবে তজুমদ্দিনের কয়েকটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের দেখা যায়।
ফরাজগঞ্জ ইউনিয়নের আজহার উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির তিনজন এজেন্টের অন্যতম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রে আসার পথে আওয়ামী লীগ সমর্থকরা তাদের জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিলো।
তিনি বলেন, প্রশাসনের সহায়তায় তিনিসহ তিনজন কেন্দ্রে ঢুকতে পারলেও অপর তিনজন পারেননি।
একই অভিযোগ করলেন ওই কেন্দ্রে বিএনপি প্রার্থীর আরেক এজেন্ট নূরজাহান বেগমও।
এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকাল ১০টায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করেন।
তারা জানান, ৩৭টি কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট নেই। এর মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, কাউকে বের করে দেওয়া হয়েছে।
প্রায় ৪৫ মিনিট ইসির সঙ্গে বৈঠকের পর আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিইসি সাহেবও স্বীকার করেছেন, অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই।"
"বিএনপির সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি", বলেন আনোয়ার।
তিনি জানান, কয়েকটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা কক্ষে থাকছেন না বলেও ইসিকে জানানো হয়েছে।
আনোয়ার বলেন, "ভোলার সর্বশেষ অবস্থার বিষয়ে সিইসিকে অবহিত করতে আমরা ইসি সচিবালয়ে থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন তাতে সম্মতি হননি। আমাদের চলে যেতে বলেছেন। এটা দুঃখজনক।"
নির্বাচন কমিশনের বক্তব্য
বিএনপির প্রতিনিধি দলের বিভিন্ন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি কিছু অভিযোগ জানিয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।"
পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে ভোলা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈধ নিয়োগ না থাকলে কেন্দ্রে কোনো দলের এজেন্টকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। বৈধ এজেন্টরাই কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।"
তিনি জানান, করিমগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এক এজেন্ট ঢুকতে দেওয়ায় বাধার অভিযোগ তার কাছে এসেছে।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে রিটার্নিং কর্মকর্তা দাবি করেন।
আওয়ামী লীগের প্রতিক্রিয়া
আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে যান তিনি। দুপুরে তজুমদ্দিনের সম্ভুপুর বিদ্যালয় কেন্দ্রে সাংবাতিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় শাওন বলেন, "এটা পুরোপুরি অসত্য।"
বিএনপি প্রার্থীর এজেন্ট না থাকার কারণ কী বলে মনে করেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, "তারা অনেক বহিরাগতকে এজেন্ট করেছিলো। কিন্তু ভোটার না হলে তো এজেন্ট হওয়া যায় না। তাই হয়তো তাদের এজেন্ট নেই।"
তবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা কেন্দ্রে যেতে কাউকে কোনো ধরনের বাধা দিচ্ছে না বলে দাবি করেন তিনি।
পর্যবেক্ষকের মন্তব্য
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সালাউদ্দিন দুপুরে লালমোহনে সাংবাদিকদের বলেন, "ভোট গ্রহণে তেমন কোনো অনিয়ম এখনো চোখে পড়েনি। তবে একটি কেন্দ্রে বিএনপির এজেন্ট পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এজে/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24