২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি চেয়ারম্যান মুম্বাইয়ে গ্রেপ্তার

বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম মোহাম্মদ করিমকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 06:24 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম মোহাম্মদ করিমকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগের ভেতর ০.২২ বোরের একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি পাওয়ার অভিযোগে সালামকে বিমানবন্দরের নিরাপত্তকর্মীরা আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরের একটি ফ্লাইটে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়াদিল্লি প্রতিনিধি জানান, শুক্রবার সকালে সালামকে স্থানীয় একটি আদালতে হাজির করা হয়। আদালত তাকে ২৫ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার আদেশ দেয়। অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। শাহার এয়ারপোর্ট থানার পরিদর্শক বিএন তামবে পিটিআইকে জানান, নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগে পিস্তল ও গুলি পাওয়ায় নিরাপত্তাকর্মীরা সালামকে আটক করে। পরে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একুশে টেলিভিশনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটিভি চেয়ারম্যানের গ্রেপ্তার হওয়ার খবর সত্য নয়। ব্যবসায়িক কাজে সালাম বর্তমানে মুম্বাই রয়েছেন। শুক্রবার সকালেই তার দেশে ফেরার কথা ছিল বলে ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/টিএ/ডিডি/এইচএ/০০৪৭ ঘ.