২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থিম্পুতে মনমোহনের সঙ্গে বৈঠক করবেন হাসিনা

সার্ক সম্মেলনের সময় ভুটানের রাজধানী থিম্পুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 06:39 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

নয়া দিল্লি প্রতিনিধি নয়া দিল্লি, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক সম্মেলনের সময় ভুটানের রাজধানী থিম্পুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও। আগামী ২৮ ও ২৯ এপ্রিল থিম্পুতে অনুষ্ঠিত হচ্ছে ষোড়শ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সম্মেলন। এ উপলক্ষে থিম্পুতে এক হচ্ছেন সার্কভুক্ত আট দেশের রাষ্ট্রপ্রধানরা। এ বছরের শুরুতে হাসিনার নয়া দিল্লি সফরের সময় দুই দেশের মধ্যে সহযোগিতার সমঝোতাগুলো বাস্তবায়নের বিষয়ে থিম্পুর বৈঠকে পর্যালোচনা হবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোতে ভারতীয় সহযোগিতার বিষয়েও আলোচনায় স্থান পাবে। গত জানুয়ারিতে হাসিনার সফরের সময় বাংলাদেশকে ১০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেন মনমোহন। রেলওয়ে অবকাঠামো, সৈয়দপুর রেলওয়ে কারখানার উন্নয়ন, ব্রডগেজ মালবাহী ও যাত্রীবাহী রেলগাড়ি ও বাস কেনা এবং নদীখনন প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। এছাড়া তিস্তার পানি বণ্টন নিয়ে একটি অন্তর্বর্তী চুক্তির জন্য মনমোহনকে হাসিনা অনুরোধ জানাবেন বলেও মনে করা হচ্ছে। গত মাসে নয়া দিল্লিতে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠকে বিষয়টি সুরাহা হয়নি। ১২ জানুয়ারি দুই দেশের দেওয়া যৌথ বিবৃতিতে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্কের ভূমিকার কথা উল্লেখ করেন। সার্ককে একটি অর্থবহ সংগঠনে পরিণত করার মাধ্যমে এই অঞ্চলে ইতিবাচক, লক্ষ্যবদ্ধ ও পারস্পরিক সহযোগিতাকে পুনরুজ্জীবিত করার বিষয়ে দুই দেশ একমত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.