২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে সরগরম বায়রা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনকে কেন্দ্র দুটি প্যানেলের প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা জমে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 09:13 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনকে কেন্দ্র দুটি প্যানেলের প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা জমে উঠেছে। কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদের জন্য দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ এবার ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৮৩১ বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের মিডিয়া সেলের কর্মকর্তা রফিক ভুঁইয়া। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার ইস্কাটনে বায়রা ভবনে ভোট গ্রহণ চলবে। বর্তমান সভাপতি গোলাম মুস্তাফার নেতৃত্বে সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট এবং বায়রা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট নামে দু'টি প্যানেলে ২৭ জন করে ৫৪ জন প্রার্থী হয়েছেন। বাকি সাতজন স্বতন্ত্র। বাশারের নেতৃত্বাধীন সম্মিলিত সমন্বয় পরিষদের অন্য প্রার্থীরা হলেন-আলী হায়দার চৌধুরী, রিয়াজ উল ইসলাম, এমএ সোবহান ভূঁইয়া (হাসান), সিরাজ উদ্দিন আহাম্মদ, গোলাম মোস্তফা (বাবুল), মুনছুর আহাম্মেদ কালাম, গোলাম মাওলা, এএইচএম গোলাম কবির, এমএ ছালাম, নোমান চৌধুরী, নাসির উদ্দিন মজুমদার (সিরাজ), আবুল বারাকাত ভূঁইয়া, আবুল বাশার, একেএম নজরুল ইসলাম, ইমদাদ উল্লা, ফারুক আল-মাহমুদ, মো. সহিদ উল্লাহ, মফিজুর রহমান চৌধুরী, খলিলুর রহমান, মাওলানা ইয়াকুব সরাফতি, মোস্তাক আহাম্মেদ, মনিরুল হক (লিটন), এমএ হামিদ (লাবু), শওকত হোসেন সিকদার, তৈয়ব আলী সরকার ও আমিনুল হক ভূঁইয়া। মুস্তফার নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীরা হলেন- কাজী মফিজুর রহমান, মো. শামসুজ্জামান, নূরুল আমিন, এসকেএম আব্দুল আজিজ, শাহাদাত হোসেন, মোজাম্মেল হক ভূঁইয়া, সাইফুল হক মিন্টু, গোলাম মাইনুদ্দিন, রুহুল আমিন স্বপন, শামীম আহমেদ চৌধুরী নোমান, আব্দুল আলিম, আব্দুল হাই, জয়নাল আবেদীন জাফর, আবুল কাশেম, কেএম সুলতানুল আজিজ, এনামুল হক, শাহ আলম রাড়ী, ওমর ফারুক, মজিবুর রহমান বেগ, জসিম আহমেদ, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান খান, এসএমএ সালাম, জাকির উদ্দিন পাটোয়ারি, রেদওয়ান খান বোরহান এবং এমএম মিজানুর রহমান। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ফরিদ আহমেদ, ফজলুল করিম চৌধুরী (স্বপন), আবুল কালাম আজাদ, মো. ওয়ালিউল্যাহ, নজরুল ইসলাম, গোলাম নবী ও মহসীন সিকদার (পাভেল)। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলই পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরছে ভোটারদের কাছে। সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মুখপাত্র ও প্রার্থী আলী হায়দার চৌধুরী বলেন, গণতান্ত্রিক ফ্রন্ট দু'বছর বায়রার দায়িত্বে ছিলো। কিন্তু তারা বায়রার জন্য কিংবা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, "নয় বছর পর আমাদের আগের মেয়াদে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি আবার শুরু হয়। বর্তমান কমিটি আসার পর তা আবারো বন্ধ হয়ে যায়। ৫৫ হাজার কলিং ভিসা আসার পরও কোনো কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হয়নি এ কমিটির ব্যর্থতার কারণে।" তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বর্তমান সভাপতি মুস্তাফা বলেন, "দুই বছরে বায়রা এবং জনশক্তি রপ্তানি ব্যবসার উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছি। বায়রা ও বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করতে চেষ্টা করেছি।" এদিকে বায়রার সদস্য ইম্পেরিয়াল ওভারসিজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান জানান, সাধারণত ক্ষমতাসীনদের ব্যাপারে সদস্যদের নেতিবাচক মনোভাব থাকেই। এবারের নির্বাচনেও কিছুটা নেতিবাচক মনোভাব রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫০০ ঘ.