শিহাব উদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশের কাছে অন্য দেশের অনেক কিছুই শেখার আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বুধবার সকালে জাতিসংঘ সদরদপ্তরে জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য ও নিরস্ত্রীকরণ ইস্যু বিষয়ে আলোচনা হয়।
আব্দুল হামিদ নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের সহযোগিতার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান।
অপরদিকে একটি মুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় স্পিকারকে অভিনন্দন জানান বান কি মুন।
দারিদ্র্য দূরীকরণে সব দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে স্পিকারের নেতৃত্বে গত বছর ঢাকায় অনুষ্ঠিত দারিদ্র্য বিমোচন সম্মেলনে বাংলাদেশের ৬৫ মিলিয়ন মানুষ দারিদ্র দূরীকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে শপথ গ্রহণ করে সেবিষয়ে স্পিকার জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন। তিনি দারিদ্র্য দূরীকরণে গণসচেতনতা বাড়াতে এ বছর ঢাকায় অনুষ্ঠিতব্য অনুরূপ সম্মেলনে অংশগ্রহণের জন্য বান কি মুনকে আমন্ত্রণ জানান।
জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে গৃহীত প্রস্তাবের উল্লেখ করে স্পিকার এ বিষয়ে মহাসচিবের সহযোগিতা কামনা করেন।
স্পিকার বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে বিশ্ব সংস্থার শান্তিরক্ষা মিশনের উচ্চ পর্যায়ে বাংলাদেশ থেকে কর্মকর্তা নিয়োগের অনুরোধ জানান।
জাতিসংঘ মহাসচিব ১৯৭২ ও ২০০৮ সালে তার বাংলাদেশ সফরের উল্লেখ করে এ দেশকে একটি গতিশীল, গণতান্ত্রিক উন্নয়নশীল দেশ হিসেবে অভিহিত করেন।
বিশেষত দুর্যোগ মোকাবেলা, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করে বান কি মুন বলেন, এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য তিনি বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে মহাসচিব বলেন, এ পর্যন্ত ১২০টি দেশ এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। জলবায়ু পরিবর্তনের জন্য 'অভিযোজন তহবিল' এর বিষয়ে তিনি জানান যে, ২০২০ সাল নাগাদ ১০০ মিলিয়ন ডলার তহবিলের আশ্বাস পাওয়া গেছে।
এ সময়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ ইনকোয়ারি কমিটি এবং বাংলাদেশে এমডিজি বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন সর্বদলীয় সংসদীয় গ্র"পের জলবায়ু ও পরিবেশ বিষয়ক কমিটির সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী।
স্পিকার জাতীয় সংসদে 'অস্ত্র বিস্তার রোধ চুক্তি'র ওপর গৃহীত প্রস্তাবের কপি এবং একটি ক্রেস্ট মহাসচিবকে হস্তান্তর করেন। সর্বদলীয় সংসদীয় গ্র"পের পক্ষ থেকে সাবের হোসেন চৌধুরী মহাসচিবকে একটি ক্রেস্ট দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24