ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে বগুড়া, সিলেট ও টাঙ্গাইলের আদালতে বুধবার সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এর মধ্যে রয়েছে বগুড়ার তিনজন, সিলেটর একজন এবং টাঙ্গাইলের তিনজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, প্রতিবেশীকে হত্যার দায়ে কাহালু উপজেলার সিংড়া পাড়া গ্রামের মকবুল হোসেন (৭৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৬০) ও তাদের ছেলে আব্দুল কুদ্দুসের (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছে।
এ টাকা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে তাদের।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী শাহীনা নিগার এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ১৬ ফেব্র"য়ারি জমি নিয়ে বিরোধের জেরে সিংড়া পাড়া গ্রামের গোলাপ হোসেন ফকিরের স্ত্রী রেজিয়া বেগমকে আসামিরা কুপিয়ে হত্যা করে। পরে লাশটি গুম করার জন্য বাড়ির পাশের একটি ক্ষেতে সরিষার গাছ দিয়ে ঢেকে রাখে।
মামলায় তদন্ত কর্মকর্তা দারোগা আশরাফ হোসেন একই বছরের ৩০ জুন কোর্টে অভিযোগপত্র দেন।
সিলেট প্রতিনিধি জানান, বড়ভাইকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বিশ্বনাথ উপজেলার মজলিসপুর গ্রামের মো. শফিক মিয়ার (২৫)। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুই বছর কারাভোগ করতে হবে।
সিলেটের জেলা ও দায়রা জজ মো. মমিনউল্লাহ এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ধরে ২০০৯ সালের ১৩ মার্চ শফিক তার বড়ভাই মো. সুরত মিয়াকে (৩৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় সুরতের স্ত্রী কুলসুমা বেগম মামলা করেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, গৃহকর্মীকে হত্যার দায়ে জেলা শহরের বিশ্বাস বেতকা মুন্সীপাড়ার মো. সেলিম মিয়া, তার তার স্ত্রী ডলি বেগম ও শ্যালক ইকবাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ন ম জহুরুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, সেলিম মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কমলাপুর গ্রামের আ. রাজ্জাকের মেয়ে রিনা খাতুন। ইকবালের সঙ্গে এক পর্যায়ে রীনা বেগম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে গর্ভবতী হন। ২০০৬ সালের ৩০ মার্চ রাতে সেলিম মিয়ার বাসার গেটের পাশে রীনার লাশ পাওয়া যায়।
রীনার বাবা ৩১ মার্চ টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24