রাজশাহী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর ও পাবনায় পৃথক অভিযানে মঙ্গলবার দু'টি কষ্টিপাথর মূর্তি উদ্ধার করেছে র্যাব।
এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের আফিল উদ্দিন (৪৫), নায়েব আলী (৮০), দেবরপাড়ার জমসেদ আলী (৮০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার শহীদুল (৪০)।
এদের মধ্যে শহীদুল 'এক নজরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা' নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক বলে র্যাব জানায়।
র্যাব-৫ এর অপারেশন অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট সালাহ্ উদ্দিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর শহরে রেলওয়ে কলোনি এলাকা থেকে মূর্র্তি কেনাবেচার সময় আফিল উদ্দিন ও নায়েব আলীকে গ্রেপ্তার করে র্যাব।
তাদের কাছ থেকে ১৩ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়।
পরে আফিল উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পাবনার ঈশ্বরদীর রেলওয়ে স্টেশন এলাকায় শহিদুল ইসলামের কার্যালয় থেকে জমসেদ আলী ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি ওজনের একটি মূর্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০৫ ঘ.
bdnews24