২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি ও কিশোরগঞ্জে ঝড়ে নিহত ২

রাঙামাটি ও কিশোরগঞ্জে মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

ঢাকা, এপিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি ও কিশোরগঞ্জে মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাতজন। নিহতরা হলেন- রাঙামাটির বরকল উপজেলার সুমন চাকমা (২২) ও কিশোরগঞ্জের নিকলি উপজেলার শহীদুল হক (৩৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি জানান, বরকল উপজেলার তাগলকছড়া গ্রামে ঝড়ের সময় বাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত হন। আহত হন একই গ্রামের সুজিত চাকমা (১৮)। প্রত্যক্ষদর্শী জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বরকল উপজেলার ফিল্ড সুপারভাইজার রঞ্জন চাকমা বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ে উপজেলার কুকি ছড়া, বেইবোন ছড়া, লুদিবাজ ছড়া, দোকানঘাট ও মারিশ্যা ছড়া গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধস্ত ও পাকা ধানের ফসল নষ্ট হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের পাগলার খাল হাওড়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয় ছয়জন। ঝড়ে সদর উপজেলার চারটি গ্রামের অন্তত ২০টি ঘরবাড়ি ভেঙে পড়েছে। সদরের মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে ইউনিয়নের কাশোয়ারচর, কলাপাড়া, জালালপুর ও ভাটুয়ারপাড়া গ্রামে একটি মুরগি খামার, একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ ২০টির মত বাড়ি ভেঙে গেছে। এ গ্রামগুলোর পানের বরজ, ভূট্টা ও বোরো ধানসহ ফসলের ক্ষতি হয়েছে। শতাধিক গাছপালা ভেঙে পড়েছে। ভেঙে যাওয়া গাছ পড়ে কয়েকটি স্থানে বৈদ্যুতিক লাইনও কেটে গেছে। নিকলী থানার ওসি একেএম মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিকলী উপজেলায় পাগলার খাল হাওড়ে বাথান ঘরে ঝড়ের সময় বজ্রপাতে শহিদুল নিহত হয়। এ সময় আহত হন বাদশা, রহিম, জগলু, বিটল, কুদ্দুস ও তোতা মিয়া। শহিদুলের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ গ্রামে। তারা বিভিন্ন এলাকা থেকে চলতি বোরো মৌসুমে কৃষি শ্রমিক হিসেবে হাওর এলাকায় কাজ করতে এসেছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৪৫ ঘ.