২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদযাত্রা করেছে তেল গ্যাস রক্ষা কমিটি

বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট জিইয়ে রাখার প্রতিবাদে পদযাত্রা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 03:59 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট জিইয়ে রাখার প্রতিবাদে পদযাত্রা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বুধবার বিকেল সাড়ে ৪টায় মুক্তাঙ্গন থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করে সংগঠনটি। পদযাত্রার আগে মুক্তাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। সমাবেশ বক্তারা দাবি করেন, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে কার্যকর কোন পদক্ষেপ না নিয়ে সরকার বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে নানা চুক্তি করতে যাচ্ছে। সমাবেশ জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়ন, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন, পেট্রোবাংলার ১২টি বন্ধ গ্যাসকূপ দ্রুত চালু করা সহ সরকারের প্রতি ১৬টি দাবি জানানো হয়। ৩০ এপ্রিলের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে সরকার সঠিক পথে অগ্রসর না হলে এবং কমিটির সুপারিশ বাস্তবায়ন না করলে গণ ট্রাইবুনালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেওয়া হয় সমাবেশে। সমাবেশ থেকে ৩০ এপ্রিলের মধ্যে জাতীয় কমিটির দাবির সমর্থনে গণস্বাক্ষরের প্রথম পর্ব সমাপ্ত এবং ২১ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন অঞ্চলে পদযাত্রা এবং দেশের সব জায়গায় সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৫৭ ঘ.