ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস ও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রতিবন্ধীদের সুযোগ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে দুটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদন দুটির ওপর শুনানি গ্রহণ শেষে আদালত আদেশের জন্য আগামী ২৫ এপ্রিল দিন ধার্য করেছে।
বুধবার দৃষ্টি প্রতিবন্ধী অ্যাডভোকেট স্বপন চৌকিদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রিদওয়ানুল হক এবং চারটি মানবাধিকার ও প্রতিবন্ধী অধিকার সংগঠন বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারেরে বেঞ্চে এ দুটি রিট আবেদন দায়ের করে।
এ সংগঠনগুলো হল, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ন্যশনাল কাউন্সিল অব ডিজঅ্যাবল্ড উইমেন।
বিসিএস এবং জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় প্রতিবন্ধীদের সুযোগ দেওয়ার আদেশ কেন দেয়া হবে না- রিট আবেদনে এ ব্যাপারে রুলনিশি জারির দাবি জানানো হয়েছে।
এছাড়া প্রতিবন্ধীদের বিসিএস এবং জুডিশিয়াল সার্ভিসের উপযুক্ত পদে নিয়োগ দানের জন্য কেন নিয়োগকারী কর্তৃপক্ষের ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনের জন্য আদেশ দেওয়া হবে না তার কারণ জানাতেও সরকারের প্রতি রুলনিশি জারির আবেদন করা হয়।
রিট আবেদনে সরকারের সংস্থাপন সচিব, আইন সচিব, সমাজ কল্যাণ সচিব, স্বাস্থ্য সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও সচিবকে প্রতিবাদী করা হয়েছে।
আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খোন্দকার শাহরিয়ার শাকির এবং অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য রাখেন।
রিট আবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণের ঘোষণা দেওয়া সত্ত্বেও তাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং জুডিশিয়াল সার্ভিসের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সংবিধানের ২৬, ২৭, ২৯ এবং ৪০ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিবন্ধী কল্যাণ আইনে সরকার, বিধিবদ্ধ সংস্থা এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের উপযুক্ত চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০৫৪ ঘ.
bdnews24