নেত্রকোনা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার হাওর এলাকায় আরো দু'টি ফসলরক্ষা বাঁধ ভেঙে নতুন করে প্রায় ৬১ হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
এ নিয়ে গত ১৫ দিনে বাঁধ তিন দফায় নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন ও কলমাকান্দা উপজেলার প্রায় দেড়লাখ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার সবচেয়ে বড় দু'টি ফসল রক্ষা বাঁধ চরহাইজদা ও চিকাডুবি ভেঙে ডিংগাপোতা হাওরের এসব জমি তলিয়ে যায়।
এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত উজান থেকে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর এলাকায় পানি বেড়ে বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষ বাঁধ ভেঙে যায়। তলিয়ে যায় কয়েক লাখ একর জমির ইরি-বোরো ফসল।
গত কয়েকদিন থেকে মোহনগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় জনগণের সহায়তায় চরহাইজদা ও চিকাডুবি বাঁধ দুটি রক্ষায় দিনরাত কাজ করে। কিন্তু ধনু নদীর তীব্র স্রোতে শেষরক্ষা হয়নি।
মোহনগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার জেলায় প্রায় চার লাখ ৩৪ হাজার একর জমিতে বোরো আবাদ করা হয়।
চরহাইজদা ও চিকাডুবি বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত ৬১ হাজার একরের ফসল।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদ জানান, ভারতের মেঘালয় থেকে প্রবল বেগে পাহাড়ি ঢল নামায় ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, অপর দিকে পাহাড়ি ঢলের পানি বাড়তে থাকায় কলমাকান্দা উপজেলার ছয়টি ফসলরক্ষা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এই ছয়টি বাঁধ ভেঙে গেলে সাতটি হাওরের প্রায় ৩৭ হাজার একর জমির বোরো ফসল নতুন করে তলিয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24