২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক উপমন্ত্রী ও বর্তমানে উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ এনে বুধবার সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক পরিবহণ ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 01:34 PM

Updated : 24 Aug 2022, 08:42 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপমন্ত্রী ও বর্তমানে উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ এনে বুধবার সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক পরিবহণ ব্যবসায়ী। আইয়ুব আলী নিজেকে শাহজাদপুর উপজেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক দাবি করে বলেন, তাকে পদ থেকে সরানোর জন্য স্বপন এবং তার সঙ্গী হাসিব খান তরুণ হুমকি দিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ-শাহজাদপুরসহ ওই উপজেলার বিভিন্ন রুটে স্বপন ও হাসিব তাদের বাস ছাড়া অন্য বাস চলতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তবে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা স্বপন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আইয়ুব দীর্ঘদিন ধরে পদ আঁকড়ে রেখে পরিবহন শ্রমিক-মালিক কল্যাণ তহবিলের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাত করেছেন। "এ জন্য তাকে সমিতি থেকে বহিষ্কার করায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে হেয় করতে চাইছে", বলেন স্বপন। আইয়ুব বলেন, "স্বপন ও তরুণ নির্বাচন ছাড়াই অবৈধভাবে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দখল করে চাঁদাবাজি করে চলেছেন।" এর প্রতিবাদ করায় গত বছর স্বপনের অনুসারীরা তার ওপর হামলা চালায় বলেও অভিযোগ করেন আইয়ুব। স্বপন ১৯৯৬ সালে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরে তিনি সরকারি দল আওয়ামী লীগে যোগ দিয়ে শিল্প উপমন্ত্রী হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২০ ঘ.