২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

হিমাগারে পঁচে যাওয়া আলুর ক্ষতিপূরণ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন দিনাজপুরের আলুচাষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 12:19 PM

Updated : 24 Aug 2022, 08:42 PM

দিনাজপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হিমাগারে পঁচে যাওয়া আলুর ক্ষতিপূরণ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন দিনাজপুরের আলুচাষীরা। দিনাজপুর প্রেসক্লাবে বুধবার সংবাদ সম্মেলন করে চাষীরা অভিযোগ করেন, প্রতিশ্র"তি অনুযায়ী উত্তরা হিমঘর লিমিটেড কর্তৃপক্ষ বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করেনি। তাদের দায়িত্বহীনতা ও প্রতারণার কারণে প্রায় ৫০ হাজার বস্তা আলু পঁচে গেছে। এসব আলুর বেশির ভাগই বীজআলু। তারা দাবি করেন, হিমাগারে রাখা ৯০ শতাংশ আলুই পঁচে গেছে। সংরক্ষিত বীজআলুসহ বাকি আলু যথাসময়ে হস্তান্তর করার জন্য কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তারা। চাষীরা অভিযোগ করেন, হিমাগার কর্তৃপক্ষ অকেজো জেনারেটর দেখিয়ে তাদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে প্রতারণা করেছে। চাষীদের পক্ষে চেহেলগাজী কৃষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিখিত বক্তব্য পড়ে শোনান। উত্তরা হিমঘরের নির্বাহী পরিচালক দিনাজপুর জেলা আওয়ামী লীগ নেতা মির্জা আশফাক হোসেনের আশ্বাস পেয়ে তারা এখানে আলু রেখেছিলেন জানিয়ে নজরুল ইসলাম বলেন, এখন নষ্ট আলুর ব্যাপারে তিনি কোনো কিছু বলছেন না। লিখিত বক্তব্যে বলা হয়, বিষয়টি জেলা প্রশাসককে জানালেও আশানুরূপ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত ১৮ এপ্রিল জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিতে গেলে তিনি এ ব্যাপারে মামলা করার কথা বলেন। আগামী ২৪ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ দেওয়াসহ অন্যান্য দাবি না মানলে কঠোর আন্দোলনে নামবে বলেও আলুচাষীরা হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি পিয়ারউদ্দিন আহমেদ, কৃষক সিরাজুল ইসলাম, সায়েদ আলী, ব্যবসায়ী সাইফুল ইসলাম ও আজিজুল ইসলামসহ অর্ধশতাধিক আলুচাষী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮১১ ঘ.