২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর লেক-জলাশয় দখলমুক্ত করুন: প্রধানমন্ত্রী

রাজধানীর লেক-জলাশয় দখলদারদের হাত থেকে উদ্ধারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 11:50 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লেক-জলাশয় দখলদারদের হাত থেকে উদ্ধারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে উত্তরায় একটি বহুতল আবাসিক ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এ কথা বলেন তিনি। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে রাজধানীকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লেক-জলাশয় দখলমুক্ত করার এ নির্দেশ দেন হাসিনা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য উত্তরা তৃতীয় প্রকল্পের আওতায় ভবন প্রকল্প বাস্তবায়ন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ঢাকার আবাসন সমস্যা হ্রাস ও যথাযথ নগরায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় এ প্রকল্পে দুশ ১৪ দশমিক ৪৪ একর জমিতে দুশ ৬০টি বহুতল ভবনে ২২ হাজার পাঁচশ ১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ১০৫০-১২৫০ বর্গফুটের একেকটি ফ্ল্যাট নিম্ন ও মধ্য আয়ের মানুষদের ভাড়া ও বিক্রয়ের ভিত্তিতে দেওয়া হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট হাজার ছয়শ ২৫ দশমিক সাতশ ৯৪ কোটি টাকা। ২০১৫ সালের মধ্যে এর কাজ শেষ হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, নগরীর পরিবেশ উন্নয়ন এবং নগরবাসীর স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার জন্য ইতোমধ্যে ধানমন্ডি লেকের মতো গুলশান ও বনানী লেককেও সুন্দর করার পদপেক্ষ নেওয়া হয়েছে। শুধু শহরে নয়, গ্রামের মানুষের জন্যও আবাসন সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এ লক্ষ্যে তিনি সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল অনুষ্ঠানে মান্নান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়াম্যান মো. নুরুল হুদা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৩৯ ঘ.