ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় যাওয়ার পর এ পর্যন্ত ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
বুধবার জাতীয় প্রেসক্লাবে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি আরো বলেন, ২০১৫ সালের মধ্যে বিদ্যুতের দৈনিক উৎপাদন প্রায় সাড়ে ৯ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় লোডশেডিং দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে হচ্ছে সরকারকে। এ নিয়ে জনসাধারণ ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে অসন্তোষ চলছে।
বিদ্যুৎ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা পূববর্তী সরকারকে দায়ী করে বলছে, ওই সময়ে উৎপাদন বাড়েনি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কয়েকদিন আগে খুলনার জনসভায় দাবি করেন, তাদের সময়ে ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।
বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ এপ্রিল দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ৬০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
২০০৮ সালের ৬ জানুয়ারি বিদ্যুৎ উৎপাদন ছিলো ৩ হাজার ৬৮৪ মেগাওয়াট। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার দিনে ছিলো ৩ হাজার ২৬৭ মেগাওয়াট। ২০০৯ সালের জানুয়ারি মাসে গড় উৎপাদন ছিলো ৩ হাজার ৫৬৩ মেগাওয়াট।
২০০৭ সালে এক দিনে সর্বোচ্চ উৎপাদন ছিলো ৪ হাজার ১৩০ মেগাওয়াট (১৭ সেপ্টেম্বর), ২০০৮ সালে ছিলো ৪ হাজার ৩৬ মেগাওয়াট (১৯ সেপ্টেম্বর), ২০০৯ সালে ছিলো ৪ হাজার ২৯৬ মেগাওয়াট।
বিগত সরকারের সমালোচনা করে এনামুল হকও বুধবার বলেন, "গত ৭ বছরে এক ছটাক বিদ্যুতও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি। ওই সময়ে তেল ও গ্যাস অনুসন্ধান এবং কয়লা উত্তোলনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জ্বালানি সঙ্কট আজ ভয়াবহ রূপ নিয়েছে।"
বর্তমানে দেশ জ্বালানি সমস্যার মধ্যে রয়েছে জানিয়ে তিনি বলেন, "বিদ্যুৎ কেন্দ্রে চাহিদার পুরো গ্যাস সরবরাহ করা সম্ভব হলে চলতি গ্রীষ্মকালে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা সম্ভব হতো। বর্তমানে ক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাসের ঘাটতির কারণে প্রতিদিন ৫০০-৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।"
২০১৫ সাল পর্যন্ত জ্বালানির যোগান নিশ্চিত করাসহ ৯ হাজার ৪২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়ে এনামুল হক বলেন, এ খাতেও সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কাজ হবে।
উৎপাদন বাড়ানোর বিশাল অর্থের ৪০ থেকে ৫০ শতাশের যোগান বেসরকারি খাত থেকে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাশেম হুমায়ুন ও নির্বাহী পরিচালক শাহীন চৌধুরীও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭১৭ ঘ.
bdnews24