২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভ টিজিং: বখাটেদের তালিকা করার প্রস্তাব

দেশের বিভিন্ন স্থানে মেয়েদের উত্ত্যক্তকারী বখাটেদের তালিকা করার জন্য সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 05:48 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে মেয়েদের উত্ত্যক্তকারী বখাটেদের তালিকা করার জন্য সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। বখাটেদের উৎপাত প্রতিরোধে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় ও সুধীজন সভায় বিশিষ্টজনরা এ প্রস্তাব দেন। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নাহিদ বলেন, এলাকাভেদে কমিটি করে বখাটেদের তালিকা করা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে মেয়েদের উত্ত্যক্ত করা আর সহ্য করা হবে না। এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। প্রয়োজনে নতুন আইন করতে হবে। তিনি বখাটেদের চিহ্নিত করে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। মন্ত্রী আরো বলেন, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও যাতে ব্যাপকভাবে এ ব্যাপারে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারেন সে ব্যাপারে নির্দেশনা জারি করা হবে। বৈঠকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নারীর নিরাপত্তাহীনতা দূরীকরণের বিষয়টিকে রাজনৈতিক দলের অঙ্গীকারভুক্ত করার প্রস্তাব করেন। তিনি বলেন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় সরকারের কর্মকাণ্ড আরো শক্তিশালী করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ের পাঠ্যক্রমে আন্তঃব্যক্তিক সম্পর্ক অন্তর্ভূক্ত করার সুপারিশ করে বলেন, এর ফলে ছেলে-মেয়েদের মধ্যে সহজ-স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে। পুলিশের এআইজি আব্দুল্লাহ আল মামুন বলেন, অনেক সময় অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র আইনের দুর্বলতার কারণে ছাড়া পেয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান এলাকাভেদে কমিটি করে বখাটেদের তালিকা করার প্রস্তাব করেন। মনোবিজ্ঞানী অধ্যাপক মেহতাব খানম মেয়েদের উত্ত্যক্তকারী বখাটেদেরও সুস্থ মানুষে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন। তিনি বলেন, এটা পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে করা সম্ভব। তিনি সহশিক্ষা এবং পাঠক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, কর্মজীবী নারীর সভাপতি শিরীর আক্তার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এটিএম মহিউদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব গোলাম কিবরিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৪৩ ঘ.