লক্ষ্মীপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
এর মধ্যে লক্ষীপুরের সদর উপজেলায় পিতাপুত্রসহ তিনজন এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক অজ্ঞাতনামা পথচারী নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার জকসিন বাজারে দুপুরে একটি তেলের ট্যাংক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন উপজেলার করইতলা গ্রামে মারফত উল্যাহ (৬০), তার ছেলে নুরনবী (১৮) এবং মটবী গ্রামের জুয়েল (৩২)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেলের ট্যাংকার ও অটোরিকশার সংঘর্ষে আহত অটোরিকশার পাঁচ যাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।
আহত দুই যাত্রী জাহাঙ্গীর (৩০) ও আবদুল মালেক (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ তেলের ট্যাংকার ও অটোরিকশাটি আটক করেছে। দুই যানেরই চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
সিরাজগঞ্জ: ঢাকা-রংপুর মহাসড়কে রায়গঞ্জ উপজেলায় বাস চাপায় এক অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি দীনবন্ধু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের নিচে চাপা পড়ে এক অজ্ঞাত পথচারী (৫০) নিহত হয়েছেন।
এ ঘটনায় সড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে থানা পুলিশ প্রায় দুইঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24