ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের জনগণের খাদ্য ঘাটতি মোকাবেলায় আরো ১২ লাখ ইউরো মঞ্জুরি সাহায্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) । বন্য ইদুর ও শূকর ফসল ধ্বংস করায় ওই অঞ্চলের মানুষের খাদ্য ঘাটতি দেখা দেয়।
তিন বছর আগে সেখানে ইদুরের আক্রমণ শুরু হওয়ার পর এ নিয়ে ইইউ'র অর্থ সাহায্যের পরিমাণ দাঁড়ালো ৪ দশমিক ৮৫ মিলিয়ন ইউরো। এর আগে এক লাখ ৩৫ হাজার গরিব মানুষের খাদ্যের সংস্থানে ইইউ ৩ দশমিক ৬৫ মিলিয়ন ইউরো দিয়েছিল।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়, ৪০-৫০ বছর পরপর এ অঞ্চলে বুনো ইদুরের আক্রমণ দেখা যায়। এসব ইদুর সেখানকার বাঁশের ফুল খেয়ে ফেলে এবং দ্রুত তাদের বংশ বিস্তার ঘটে। তাদের অন্যান্য ফসলও বিনষ্ট করে ইদুর। ফলে আদিবাসী জনগণ তীব্র খাদ্য সংকটে পড়ে। গত কয়েক বছরও তারা এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে।
এতে আরো বলা হয়, ইদুরের সংখ্যা কমলেও এখন তাদের ফসল বিনষ্ট করছে বুনো শূকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২৩৬ ঘ.
bdnews24