ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় অধিদপ্তরে কর্তব্যরত আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আব্দুর রহমান বলেন, "চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।"
তিনি জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেশি হওয়ায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০১ ঘ.
bdnews24