ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন গুণ ব্যয় বাড়িয়ে সিলেট ও চাঁদপুরে তিনশ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ প্রকল্প পুনঃঅনুমোদন করেছে সরকার।
২০০১ সালে প্রথম অনুমোদনের পর কাজ শুরু না হওয়ায় এগুলোর ব্যয় বেড়েছে।
প্রকল্প দুটি হলো, আটশ ৭৯ কোটি টাকা ব্যয়ে একশ ৫০ মেগাওয়াটের সিলেট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্প এবং এক হাজার দুইশ এক কোটি টাকা ব্যয়ে একশ ৫০ মেগাওয়াটের চাঁদপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ দুটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভাশেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা সচিব মো. হাবিব উল্ল্যাহ মজুমদার।
২০০১ সালে এ দুটি বিদ্যুৎ প্রকল্প প্রথম অনুমোদন করা হয় বলে জানান পরিকল্পনা সচিব।
তখন সিলেটের প্রকল্পে তিনশ ৪২ কোটি টাকা এবং চাঁদপুরের প্রকল্পে দুশ ৮২ কোটি টাকা ব্যয় ধরা হয়।
প্রথম দিকে অর্থ না পাওয়ায় প্রকল্প দুটি বাস্তবায়িত হয়নি বলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান মো. হাবিব। তিনি বলেন, "পরের দিকে দরপত্র আহ্বান করেও কাজ হয়নি।"
প্রকল্প ব্যয় বাড়ানোর বিষয়ে পরিকল্পনা সচিব জানান, জিনিসপত্র ও অন্য ব্যয় বাড়ার কারণে নির্মাণ ব্যয় বেড়েছে।
সরকারি অর্থায়নে ২০১২ সালের জুলাই মাসের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র দুটির কাজ শেষ হওয়ার কথা।
ইতিমধ্যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্প দুটি বাস্তবায়নের কাজ পেয়েছে চীনের দুটি প্রতিষ্ঠান।
সিলেটের প্রকল্পের কাজ পেয়েছে সাংহাই ইলেকট্রিক গ্র"প কোম্পানি লিমিটেড এবং চাঁদপুরের প্রকল্পের কাজ পেয়েছে চেংবা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
পরিকল্পনা সচিব জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মোট এক হাজার আটশ ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন করেছে একনেক। ২০১১ সালের পর থেকে জাতীয় গ্রিডে এ বিদ্যুৎ যোগ হবে।
মঙ্গলবারের একনেক সভায় সিরাজগঞ্জে নির্মাণাধীন একশ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য ডুয়েল ফুয়েল ব্যবস্থা চালুর জন্য ৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়।
এছাড়া চারশ ৮০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের অধীনে বৃহত্তর রংপুর ও দিনাজপুরে গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৩২ ঘ.
bdnews24