রাজশাহী, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তরাঞ্চলের ১৬ জেলায় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান ধর্মঘট মঙ্গলবার শুরু হয়েছে।
পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, সরকারি নিয়মে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস দেওয়াসহ ১৫ দফা দাবিতে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদ তিনদিনের এ ধর্মঘট ডেকেছে।
বৃহস্পতিবার বিকাল ৬ পর্যন্ত ধর্মঘট চলবে বলে পরিষদের নেতারা জানান।
ধর্মঘটের প্রথম দিন বিভিন্ন স্থানে পণ্য বোঝাই শত শত ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান আটকা পড়ার খবর পাওয়া গেছে।
একই কারণে উত্তরাঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল পৌঁছায়নি বলে জানা গেছে।
উত্তরবঙ্গ ট্রাক, ট্র্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞা ও রাজশাহী পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমান আজ মালিক সমিতি ও শ্রমিক নেতাদের আলোচনায় ডেকেছিলেন।
ডিআইজি কার্যালয়ে এ আলোচনায় তারা না এসে রাজশাহীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টকে পাঠান। এ কারণে পরিষদের নেতারা আলোচনায় বসতে রাজি হয়নি।
হাফিজুর রহমান ভূঞা বলেন, তিনি ছুটিতে ছিলেন। তাই বৈঠকে যেতে পারেননি। শ্রমিক নেতারা চাইলে তিনি আলোচনায় বসবেন।
তিনি বলেন, সমস্যা নিরসনে তিনি ট্রাক, ট্যাংকলরি শ্রমিকদের দাবির বিষয়টি দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।
এ ব্যাপারে এখনো পর্যন্ত ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিকদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিএন্ডএফ) এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি শামিউল হক লিটন জানান, বন্দরে ট্রাকে পণ্য বোঝাই করা হয়েছে। কিছু ছেড়েও গেছে। কিন্তু সেগুলো গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা সন্দেহ রয়েছে।
ধর্মঘট প্রত্যাহার করা না হলে পচনশীল পণ্য নষ্ট হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মহানগরীসহ উত্তরাঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল পৌঁছায়নি।
রাজশাহী নগরীর গুল গফুর পেট্টোল পাম্পের সহকারী পরচিালক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিপো থেকে তেল উত্তোলন করা হলেও তাদের লরি পাম্পে আসতে পারছে না।
তিনি অভিযোগ করেন, পূর্ব ঘোষণা ছাড়াই টানা তিনদিনের ধর্মঘট আহবান করা হয়েছে।
ধর্মঘট প্রত্যাহার করা না হলে ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল সঙ্কটে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
রংপুর শহরের মাহীগঞ্জের আব্দুল্লাহ ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আতিকুল ইসলাম জানান, তেল নিয়ে তাদের পাম্পেও কোনো ট্যাংকলরি আসেনি।
উত্তরাঞ্চলের জেলাগুলো হলো- রাজশাহী, রংপুর, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট ও কুড়িগ্রাম।
ঐক্য পরিষদের ১৫ দফা দাবির মধ্যে আরো আছে- শ্রমিকদের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সরকারি তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত অনুদান, সহজ শর্তে চালকদের লাইসেন্স প্রদান, সড়ক পথে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানে ডাকাতি হলে সংশ্লিষ্ট থানার ওসির জবাবদিহিতা নিশ্চিত করা ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24