ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপণন ব্যবস্থায় অনিয়ম এবং ব্যর্থতার অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) এর বিপণন ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সেইসঙ্গে মিল্ক ভিটায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থা জোরদার এবং এর কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
তিনি প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থায় অনিয়ম ও দায়িত্বে অবহেলায় অসন্তোষ প্রকাশ করে বলেন, এতদিন প্রতিষ্ঠানটিকে পঙ্গু করে রাখা হয়েছিল। একে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার তা চায় না। তাই একে আরো আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এজন্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যেই মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন নানক।
প্রতিমন্ত্রী মিল্ক ভিটার বিভিন্ন ব্যয়ের হিসাব বুধবারের মধ্যে প্রমাণাদিসহ মন্ত্রণালয়ে পাঠানোরও নির্দেশ দেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া রহমান ও মিল্ক ভিটার চেয়ারম্যান অহিদ উল্যাহ মোল্লাহসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৫৩ ঘ.
bdnews24