২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও নীলফামারীতে ফারুকের জামিন

মানহানির মামলায় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক মঙ্গলবার রংপুর ও নীলফামারীর দুটি আদালত থেকে জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 12:08 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

রংপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানহানির মামলায় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক মঙ্গলবার রংপুর ও নীলফামারীর দুটি আদালত থেকে জামিন পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় তার বিরুদ্ধে মামলা দুটি করা হয়। ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, সজিব অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি। এই ঘটনায় রংপুর, নীলফামারী ছাড়াও সিলেট, বগুড়া, মাগুরা, রংপুর, পাবনা ও নড়াইলসহ বিভিন্ন স্থানে ফারুকের বিরুদ্ধে মানহানি মামলা করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ফারুক। হাকিম তার জামিন মঞ্জুর করে আগামী ২০ মে মামলার পরবর্তী দিন ধার্য করেন। এর আগে ফারুক মহানগর হাকিম নিত্যানন্দ বর্মণের আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। জামিন আবেদন শুনানির সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। গত ১৮ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি জাসেম বিন জুম্মন রংপুরে ফারুকের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন। জামিন পাওয়ার পর ফারুক সাংবাদিকদের বলেন, "সংসদে সরকারের দুর্নীতির কথা বলার কারণেই আমার বিরুদ্ধে মামলা হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরকার আমার বিরুদ্ধে ২১টি মামলা করেছে।" তিনি বলেন, সরকারের দুর্র্নীতির আরো তথ্য প্রমাণ দেশবাসীর কাছে প্রকাশ করা হবে। ফারুক জামিন নিতে আসার পর আদালত চত্বরে বিএনপি কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা মিছিল করে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জামিন আবেদনের শুনানি করেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রশীদ চৌধুরী। বাদি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এ বাশার ও রেজাউল করিম রাজু। নীলফামারী প্রতিনিধি জানান, মানহানির মামলায় ফারুককে জামিন দিয়েছে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালত। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈম শাহরিয়ার পিউ গত ১৬ মার্চ ফারুকের বিরুদ্ধে মামলাটি করেন। এ মামলায় আগামী ১৩ মে ফারুকের আদালতের হাজির হওয়ার দিন ধার্য ছিল। ধার্য তারিখের ২৩ দিন আগেই মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ফারুক। শুনানি শেষে হাকিম মারুফ হোসেন জামিন মঞ্জুর করেন। ফারুকের পক্ষে শুনানি করেন আনিছুল আরেফিন চৌধুরী, কাজী মাহবুবার রহমান দুলু, মিজানুর রহমান চৌধুরী শামীমসহ বেশ কয়েকজন আইনজীবী। বাদি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮০৩ ঘ.