২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ার করলেন সিইসি

উপনির্বাচনের দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য ভোলার সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 10:34 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ভোলা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনের দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য ভোলার সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি আরো বলেছেন, ভোটের দিন কোনো কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেলেই ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হবে। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। সেখানে সেনা মোতায়েনের দাবি প্রধান বিরোধী দল বিএনপি জানিয়ে এলেও ইসি তা নাকচ করে আসছে। নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি দেখতে মঙ্গলবার ভোলায় যান সিইসি। এর আগে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনও ভোলা ঘুরে এসেছেন। শামসুল হুদা দুপুরে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্র্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচনে সরকারের কোনো কর্তৃত্ব নেই। তাই কেউ উল্টাপাল্টা করলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা পবিত্র দায়িত্ব। নির্বাচনের শেষ হওয়ার সাত দিন পর্যন্ত এভাবে চলবে।" কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না জানিয়ে সিইসি বলেন, "যেখান থেকে অসঙ্গতির কনফার্ম রিপোর্ট আসবে সে কেন্দ্রের ভোট গ্রহণ তখনই বন্ধ করে দেওয়া হবে। গেলো উপজেলা নির্বাচনেও ৩৬টি উপজেলায় ভোট বন্ধ করে দেওয়া হয়েছিলো।" সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান। নির্বাচনে চারশ পর্যবেক্ষক থাকবেন বলেও জানান তিনি। বিএনপি অভিযোগ করেছে, বহিরাগতরা গিয়ে ভোলার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। শামসুল হুদা বলেন, "কাল (বুধবার) থেকে নির্বাচনী এলাকায় স্থানীয় বাসিন্দা ও নির্বাচন সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তি ছাড়া বহিরাগত কাউকে এলাকায় থাকতে ও ঢুকতে দেওয়া হবে না। নির্বাচনের পরদিন পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।" নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে ইসি দুজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছে জানিয়ে সিইসি বলেন, বুধবার থেকে তারাও কাজ শুরু করবে। কোনো অসঙ্গতি পেলে তারা নির্র্বাচন কমিশনকে জানাবে এবং কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রার্থীদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই প্রার্থীকে পাঁচ সদস্যের পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রার্থীর সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ভিডিও তে সব রেকর্ড হবে। সিইসি বলেন, "নির্র্বাচনী এলাকায় ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। লালমোহনের ফরাসগঞ্জের ঘটনায় ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটির রিপোর্টে বলা হয়েছে, তার জন্য দুই পক্ষই দায়ী। কমিশন তাই দুই প্রার্থীকেই সতর্ক করেছে।" ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন ও বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১৬ ঘ.