ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে আগামী ১ মে থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু করছে সরকার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
চলতি বছর বোরো ধান প্রতি কেজি ১৭ টাকা করে এবং চাল ২৫ টাকা দরে কেনার সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রী জানান।
সরকার বলে আসছে, দেশে খাদ্য শস্যের মজুদ যথেষ্ট রয়েছে। তবে চলতি আমন সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
অভ্যন্তরীণ বোরো উৎপাদন থেকে ১২ লাখ মেট্রিক টন চাল অথবা ১১ লাখ টন চাল এবং এক লাখ ৫০ হাজার টন ধান কিনবে সরকার।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও বণিজ্যমন্ত্রী ফারুক খান ও খাদ্য সচিব বরুণ দেব মিত্রসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী জানান, এ বছর প্রতিকেজি ধান উৎপাদনে ১৩ টাকা ৩২ পয়সা এবং চালের জন্য ২১ টাকা ৬৫ পয়সা ব্যয় হয়েছে। এ ব্যয় মাথায় রেখে কৃষকদের প্রণোদনা দিতে সরকার ধানে ২৭ দশমিক ৫৩ শতাংশ এবং চালের ১৫ দশমিক ৪৭ শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ হিসাব অনুযায়ী চলতি বছর বোরো ধান ও চালের ক্রয়মূল্য ঠিক করা হয়েছে বলে জানান তিনি।
এ বছর দেশে উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদনের আশা প্রকাশ করে রাজ্জাক বলেন, "এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি ৯০ লাখ টন। কিন্তু ফসলের যে অবস্থা বর্তমানে আছে, তাতে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। উৎপাদন ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই।"
দেশে বর্তমানে প্রায় পাঁচ লাখ ৩৩ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরকারি গুদামে মজুদ রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।
তিনি জানান, এছাড়া রাশিয়া থেকে তিন লাখসহ মোট ১০ লাখ টন গম আমদানি করা হচ্ছে। এ গম আমদানি হলে ভবিষ্যতে গম দিয়েই টিআর ও ভিজিএফ কর্মসূচি চালানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮২৯ ঘ.
bdnews24